২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

দুই রুশ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা

ইউক্রেইন অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 25 Jun 2024, 05:59 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নেতৃস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি     গেরাসিমভের     বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ইউক্রেইন অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার আদালত বলেছে, শোইগু এবং    গেরাসিমভ    দুইজনই দুটি যুদ্ধাপরাধের জন্য দায়ী। 

বেসামরিক বিভিন্ন নিশানায় হামলা পরিচালনা করে ওইসব লক্ষবস্তুসহ বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন তারা। তাছাড়া, মানবতার বিরুদ্ধেও তারা অপরাধ করেছেন বলে অভিযোগ আছে।

২০২২ সালের অক্টোবর থেকে অন্তত ২০২৩ সালের মার্চ পর্যন্ত ইউক্রেইনের বহু বৈদ্যুতিক শক্তি কেন্দ্র এবং সাব স্টেশনে রুশ বাহিনী হামলা চালিয়ে এসব অপরাধ করেছে বলে জানিয়েছে আইসিসি। 

শোইগু বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি এবং গেরাসিমভ রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ।

এই দুইজনের বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানার ফলে যুদ্ধাপরাধের জন্য ওয়ান্টেড তালিকায় থাকা শীর্ষ রুশ কর্মকর্তার সংখ্যা দাঁড়াল চারজনে।

আইসিসি এর আগে বেআইনিভাবে ইউক্রেইনের শিশুদের রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগে  রুশ     প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং  আরেক      কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ।