২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজার অনুমোদন পেলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

ফেউ থাই পার্টির নেত্রী পায়েথুংথার্নকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করার দুই দিন পর এ অনুমোদন দিলেন রাজা।

রাজার অনুমোদন পেলেন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:45 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে পায়েথুংথার্ন সিনাওয়াত্রাকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। 

দেশটির পার্লামেন্ট সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার কন্যা ফেউ থাই পার্টির নেত্রী পায়েথুংথার্নকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করার দুই দিন পর রোববার এ অনুমোদন দিলেন রাজা। 

এর ফলে নতুন প্রধানমন্ত্রীর সামনে মন্ত্রিসভা গঠনের পথ খুলে গেল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পায়েথুংথার্নের নেতৃত্বে থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভা গঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। 

রোববার রাজধানী ব্যাংককে এক অনুষ্ঠানে রাজা ভাজিরালংকর্নের অনুমোদন পত্র পড়ে শোনান পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সচিব এপাত সুখানন্দ।

এ অনুষ্ঠানে যোগ দিতে দাপ্তরিক পোশাক পরে আসেন পায়েথুংথার্ন। রাজার একটি প্রতিকৃতির প্রতি নতজানু হয়ে শ্রদ্ধা জানানোর পর সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার আগে রাজা এবং জনপ্রতিনিধিদের প্রধানমন্ত্রী হিসাবে তাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানান।

পায়েথুংথার্ন তার ভাষণে বলেন, “নির্বাহী শাখার প্রধান হিসেবে আমি অন্যান্য আইনপ্রণেতাদের সঙ্গে খোলা মন নিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমি সবার মতামত শুনব, আমরা যেন একসঙ্গে স্থিতিশীলভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পায়েথুংথার্নের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ করার পর তিনিও পরিবারের সাথে কুশল বিনিময় করেন।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত এর আগের প্রধানমন্ত্রী ফেউ থাই পার্টির আরেক নেতা স্রেথা থাভিসিনকে পদচ্যুত করে। স্রেথা জেলখাটা এক আইনজীবীকে মন্ত্রী নিয়োগ করে ‘নৈতিকতার নিয়ম লঙ্ঘন’ করেছেন বলে অভিযোগ। এর দুই দিন পর পায়েথুংথার্নকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করে পার্লামেন্ট। 

শুক্রবার পার্লামেন্টে ভোটাভুটিতে পায়েথুংথার্নের পক্ষে পড়ে ৩১৯টি ভোট এবং বিপক্ষে ১৪৫টি। নির্বাচিত হওয়ার রাজা অনুমোদন পাওয়ায় মাত্র ৩৭ বছর বয়সী পায়েথুংথার্ন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন। তার ফুফু ইংলাক সিনাওয়াত্রার পর তিনি হলেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

রয়টার্স জানায়, গত দুই দশকে সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসেবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন পায়েথুংথার্ন। এর আগে তার বাবা থাকসিন সিনাওয়াতা্রা (২০০১-২০০৬) ও ফুফু ইংলাক সিনাওয়াত্রা (২০১১-২০১৪), দু’জনই সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

এক বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর দেশটির সাবেক প্রধানমন্ত্রী স্রেথার পতন মনে করিয়ে দেয়, থাইল্যান্ড অভ্যুত্থান এবং আদালতের রায়ের একটি টালমাটাল চক্রে আটকা পড়েছে। সামরিক অভুত্থানের ফলে দেশটির একাধিক সরকার ও প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হয়েছে।

ধনকুবের সিনাওয়াত্রা পরিবারের উত্তরাধিকার এবং রাজনৈতিক ভবিষ্যতও ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় দুই দশক ধরে সিনাওয়াত্রা পরিবার ও তাদের মিত্রদের সঙ্গে রাজানুগত, সামরিক বাহিনীর জেনারেল ও পুরনো ধনী পরিবারগুলোর এক চক্রের ক্ষমতার দ্বন্দ্ব চলছিল। থাকসিন সিনাওয়াত্রা ছিলেন এই ক্ষমতার দ্বন্দ্বের কেন্দ্রস্থলে।

আরও পড়ুন: 

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন থাকসিনের মেয়ে পেতংতার্ন

রাজকীয় ক্ষমা পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন