২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবীয় সাঁজোয়া যানের বহর নাইজারে

লিবিয়া থেকে সাঁজোয়া যানের বিশাল একটি বহর প্রতিবেশি দেশ নাইজারে প্রবেশ করেছে। তবে ওই বহরে ক্ষমতাচ্যুৎ শাসক মুয়াম্মার গাদ্দাফি নেই বলে আল-আরাবিয়া টেলিভিশন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ত্রিপোলি/আগাদেজ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ লিবিয়া থেকে সাঁজোয়া যানের বিশাল একটি বহর প্রতিবেশি দেশ নাইজারে প্রবেশ করেছে। তবে ওই বহরে ক্ষমতাচ্যুৎ শাসক মুয়াম্মার গাদ্দাফি নেই বলে আল-আরাবিয়া টেলিভিশন জানিয়েছে। নাইজারের পররাষ্ট্রমন্ত্রী বাজুম মোহামেদের উদ্ধৃতি দিয়ে আল-আরাবিয়া এ কথা জানায়। এর আগে ফ্রান্স ও নাইজারের সেনা কর্মকর্তারা মঙ্গলবার রয়টার্সকে জানান, সোমবার রাতে লিবিয়ার দুইশ' থেকে আড়াইশ' সাঁজোয়া যানের একটি বহর নাইজারের মরু শহর আগাদেজে পৌঁছায়। আগের দিন লিবিয়ার রেভোল্যুশনারি গার্ড ও গাদ্দাফির নিরাপত্তারক্ষীদের প্রধান মানসুর দাউসহ লিবিয়ার শীর্ষস্থানীয় ছয় সামরিক কর্মকর্তাকে নিয়ে আরেকটি সাঁজোয়া যানের বহর নাইজারে পৌঁছায়। ফরাসি এক কর্মকর্তা বলেন, সোমবারের বহরে লিবীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় ব্যাটেলিয়নের কর্মকর্তারা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বারকিনা ফাসোয় আশ্রয় গ্রহণের জন্য গাদ্দাফি ও তার ছেলে সাইফ আল-ইসলাম ওই বহরে যোগ দিতে পারেন। লিবিয়ায় ন্যাটো বাহিনীর বিমান হামলা ও গাদ্দাফি বিরোধীদের হামলার মুখে গাদ্দাফি ও তার পরিবারকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয় বারকিনা ফাসো। তবে ৬৯ বছর বয়সী লিবিয়ার সাবেক এ নেতা এখন কোথায় আছেন সে বিষয়টি স্পষ্ট নয়। লিবিয়ার অন্তবর্তীকালীন সরকার ও গাদ্দাফির মধ্যে সমঝোতার জন্য ফ্রান্স মধ্যস্ততা করতে পারে বলে ওই কর্মকর্তা জানান। তবে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নাইজারে লিবিয়ার সাঁজোয়া যানের প্রবেশ এবং গাদ্দাফিকে কোনো সমঝোতা প্রস্তাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। গত সপ্তাহে গাদ্দাফির স্ত্রী, মেয়ে ও দুই ছেলে আলজেরিয়ায় আশ্রয় নেয়। গত ২৩ অগাস্ট এনটিসির যোদ্ধারা ত্রিপোলিতে গাদ্দাফির দপ্তর বাব আল-আজিজিয়ার দখল নেওয়ার পর থেকে গাদ্দাফির খোঁজ করছে। গাদ্দাফিকে জীবিত বা মৃত ধরে দেওয়ার জন্য প্রায় ১৭ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/এমআই/২০৩২ ঘ.