Published : 31 Mar 2022, 01:35 PM
পুতিনকে এমনকী রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার পুরো প্রভাব সম্পর্কেও বলা হচ্ছে না বলে ভাষ্য তাদের।
এদিকে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা বলছে, ইউক্রেইনে যাওয়া রুশ বাহিনী মনোবল হারিয়ে ফেলেছে, সরঞ্জামের অভাবে ভুগছে এবং তারা ঊর্ধ্বতন কমান্ডের নির্দেশ মানতে অস্বীকৃতি জানাচ্ছে।
বিবিসি জানিয়েছে, ক্রেমলিন এখন পর্যন্ত এসব গোয়েন্দা মূল্যায়ন নিয়ে কোনো মন্তব্য করেনি।
হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে যে, ‘পুতিন মনে করছেন রুশ সামরিক বাহিনী তাকে বিভ্রান্ত করেছে’ এবং এর ফলে ‘পুতিন ও তার সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে’।
“পুতিনের এই যুদ্ধ একটি কৌশলগত ভুল যা দীর্ঘমেয়াদে রাশিয়াকে দুর্বল এবং দেশটিকে ক্রমশ আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে,” বলেছেন তিনি।
পেন্টাগনের মুখপাত্র জন কারবি এই ভাষ্যকে ‘অস্বস্তিকর’ বলছেন, কেননা পুতিন পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবগত না থাকার ফলে শান্তি আলোচনার মাধ্যমে সংঘাত অবসানের চেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।
“অন্য একটি বিষয় হচ্ছে, তার মতো একনায়ক খারাপ সংবাদে কেমন প্রতিক্রিয়া দেখাতে পারেন, তা আপনি জানেন না,” বলেছেন তিনি।
মঙ্গলবার রাশিয়া কিইভের আশপাশ ও চেরনিহিভে অভিযানের মাত্রা কমিয়ে আনার ঘোষণা দেওয়ার পর ইউক্রেইনের বাহিনী রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কিছু এলাকার দখল ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেছে।
যুক্তরাজ্যের সাইবার গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-র প্রধান জেরেমি ফ্লেমিং বলেছেন, রাশিয়ার পদক্ষেপে তারা যে ‘পরিস্থিতি সম্পর্কে ব্যাপক ভুল ধারণা করেছিল’ এবং ‘বড় রকমের পুনর্বিবেচনায়’ বাধ্য হয়েছে তার ইঙ্গিত রয়েছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় এক বিরল বক্তৃতায় তিনি বলেন, বিপর্যস্ত রুশ সেনারা তাদের নিজেদের সরঞ্জামই নষ্ট করে দিচ্ছে এবং ভুল করে নিজেদের এয়ারক্রাফট গুলি করে ভুপাতিতও করেছে।
ইউক্রেইনে হামলা চালানো রাশিয়ার সঙ্গে ‘বেশি ঘনিষ্ঠ’ না হতে চীনতে সাবধানও করেছেন ফ্লেমিং। বলেছেন, এ ধরনের ঘনিষ্ঠতা দীর্ঘমেয়াদে বেইজিংয়ের স্বার্থের জন্য ভালো হবে না।