২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্লাসগো জলবায়ু চুক্তি: আপত্তি কয়লা ও জীবাশ্ম জ্বালানি হ্রাসে

নির্ধারিত সময় গড়িয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ জলবায়ু সম্মেলন আরো একদিন পার করতে যাচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি দুই শতাধিক দেশের অংশগ্রহণে এই সম্মেলন।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 01:11 AM

Updated : 10 Oct 2022, 06:23 PM

একটি ভারসাম্যপূর্ণ সমঝোতায় পৌঁছার আশাপোষণ করেও ফলাফল যাই হোক শনিবারের মধ্যে এই আয়োজন সমাপ্তির ঘোষণা দিয়েছেন কপ-২৬ প্রেসিডেন্ট যুক্তরাজ্যের অলোক শর্মা।

সম্মেলনের ঘোষণা চূড়ান্ত হওয়ার পথে এখন সবচেয়ে বড় বাধা ভারত। কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রস্তাবে কয়লার ওপর অতিনির্ভর দেশটি। তার সঙ্গে আপত্তি জানিয়েছে চীন, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও ইরানও।

বিবিসি জানিয়েছে, একটি ভারসাম্যপূর্ণ সমঝোতায় পৌঁছাতে কিছুটা আপস করে হলেও ধরিত্রীকে রক্ষার স্বার্থে খসড়া ঘোষণা গ্রহণ করতে ভারতসহ আপত্তি জানানো দেশগুলোর প্রতি সকলের আহ্বান জানিয়ে বিরতিতে রয়েছে সম্মেলন। শিগগিরই চূড়ান্ত অধিবেশন বসবে, যেখানে চুক্তি চূড়ান্ত হবে।

গ্লাসগো জলবায়ু চুক্তি নামে এই খসড়াটি চূড়ান্ত অধিবেশনের আগে জাতিসংঘের ওয়েবসাইটে (https://unfccc.int/sites/default/files/resource/cma2021_L16_adv.pdf) প্রকাশ করা হয়েছে।

খসড়া চুক্তির একটি অনুচ্ছেদ নিয়ে আপত্তি তুলে ভারতের পরিবেশমন্ত্রী ভুপিন্দর যাদব বলেন, “জ্বালানির উৎস নিয়ে পরামর্শ দেওয়া জাতিসংঘের কাজ নয়।

“ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো ‘কার্বন বরাদ্দের ন্যায্য হিস্যা চায়’ এবং জীবাশ্ম জ্বালানির ‘দায়িত্বশীল ব্যবহার’ অব্যাহত রাখতে চায়।”

বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ চীন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার জন্য ২০৬০ সালকে লক্ষ্যমাত্রা ধরেছে। সম্মেলনে যোগ দিলেও এ বিষয়ে চীন নতুন আর কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে জানায় বিবিসি।

বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী এ দেশটিতে জ্বালানির প্রধান উৎসও এই কয়লা। বিশ্বে ব্যবহৃত মোট কয়লার অর্ধেকেরও বেশি চীনেই ব্যবহৃত হয়।

অধিবেশনে জি ৭৭ জোট এবং চীনের পাশে অবস্থান নিয়ে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ‘সবার জন্য এক নীতি কোনো ভাল প্রস্তাব হতে পারে না।’

পরবর্তীতে এ তালিকায় যোগ দেয় ইরান। অধিবেশনে দেশটির প্রতিনিধি বলেন, “অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে হবে। আমরা এ সংক্রান্ত অনুচ্ছেদ পরিবর্তনের অনুরোধ করছি।”

৩১ আক্টোবর শুরু হওয়া এ সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা ২০৩০ সালের মধ্যে কীভাবে কার্বন নিঃসরণ কমাবেন এবং পৃথিবী নামক গ্রহকে সাহায্য করবেন, তার ঘোষণা দেবেন।

জাতিসংঘের এই জলবায়ু পরিবর্তন বিষয়ক বার্ষিক সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও কোনো ঘোষণা বা চুক্তি চূড়ান্ত না হওয়ায় আয়োজন একদিন বাড়ানো হয়।

শক্তি তৈরির জন্য জীবাশ্ম জ্বালানি পোড়ানো হলে বাতাসে মেশে বিভিন্ন কার্বন গ্যাস, এর বেশিরভাগই কার্বন ডাইঅক্সাইড। এসব গ্যাস সূর্যের আলো থেকে তাপ ধরে রাখে। ফলে বাড়তে থাকে পৃথিবীর তাপমাত্রা।

এই বাড়তি তাপমাত্রাই বদলে দিচ্ছে জলবায়ু, এক দিনে বরফ গলে যাচ্ছে, আরেক দিকে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। চরম আবহাওয়া ডেকে আনছে মৃত্যু আর ধ্বংস।  

বিজ্ঞানীরা বলছেন, বিপর্যয় এড়াতে হলে তাপমাত্রা বৃদ্ধির গতি কমিয়ে আনতে হবে। এ লক্ষ্যে বিশ্বের তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে বাড়তি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

সেজন্য কমাতে হবে কার্বন গ্যাস নির্গমণ। ২০১৫ সালে প্যারিস চুক্তিতে বিশ্বনেতারাও তাতে একমত হয়েছিলেন। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে এ লক্ষ্য অর্জনে বেশিরভাগ দেশ প্রতিশ্রুতিও দিয়েছিল।

Image
স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ- ২৬ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা। রয়টার্স

স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ- ২৬ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা। রয়টার্স

লক্ষ্য অর্জনে ২০৩০ সালের মধ্যে বিশ্বের কার্বন নিঃসরণ ৪৫ শতাংশ কমানো, আর ২০৫০ সালের মধ্যে মোটামুটি শূন্যের কাছাকাছি নিয়ে আসা দরকার।

শুক্রবার কপ-২৬ সম্মেলনে চুক্তির যে খসড়া প্রকাশ করা হয়েছে তাতে কয়লা এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে প্রতিশ্রুতি দিয়ে জোরালো কোনো বক্তব্য নেই বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

পরিবেশকর্মীরাও চুক্তির এ খসড়ার তুমুল সমালোচনা করেছেন। তবে অনেকেই বলছেন, জাতিসংঘের এ ধরনের নথিতে কয়লার কথা এভাবে আগে কখনো আসেনি, জলবায়ু বিষয়ক সম্মেলনে ‘এই অগ্রগতিও কম নয়’।

সম্মেলনে এখন পর্যন্ত যত প্রতিশ্রুতি এসেছে তাতে বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের চেয়েও ২ দশমিক ৪ ডিগ্রির বেশি হয়ে যাওয়ার দিকে এগুচ্ছে বলে একটি প্রতিবেদনে জানিয়েছে ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার।

চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকির বিরোধিতা করে লেখা অংশটুকু না রাখতে যেসব দেশ চাপ দিচ্ছে তার মধ্যে চীন ও সৌদি আরবও আছে বলে আলোচনাঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

তবে প্রকাশিত খসড়ায় বিভিন্ন দেশের সরকারকে তাদের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর পরিকল্পনা জানাতে সময়সীমা বেঁধে দেওয়ার উপর ব্যাপক জোর দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

কপ২৬: জলবায়ু সম্মেলনের আলোচনা গড়াল অতিরিক্ত সময়ে  

বিরল যৌথ ঘোষণায় জলবায়ু প্রশ্নে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি চীন ও যুক্তরাষ্ট্রের  

কপ ২৬ কী, কেন গুরুত্বপূর্ণ?  

জলবায়ু পরিবর্তনের সহজ পাঠ  

কপ ২৬: গরিব দেশগুলো কী চায়?  

দূষণের রাজা কে?  

কপ২৬ জলবায়ু সম্মেলন শুরু  

জলবায়ু পরিবর্তন: আইপিসিসির প্রতিবেদনে মানবজাতির জন্য সতর্কবার্তা