ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট)পরিকল্পনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে ব্রিটিশ সরকার।
শ্বেতপত্রে সরকারের ১২টি ‘নীতির’ উল্লেখ করা হয়েছে। ওই নীতিতে অভিবাসন নিয়ন্ত্রণ এবং নিজেদের আইন পরিচালনা নিজেদের হাতে রাখার বিষয়টিও তুলে ধরা হয়েচে।
যুক্তরাজ্যের প্রধান বিরোধীদল লেবার পার্টি থেকে ব্রেক্সিট বিষয়ে সরকারের পরিকল্পনা জনসম্মুখে প্রকাশের দাবি করা হয়েছিল। যার সঙ্গে বেশ কয়েকজন কনজারভেটিভ নেতাও যোগ দিয়েছিলেন।
িএর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী টেরিজা মে বলেছিলেন, জনমনে আগ্রহ থাকায় তিনি ব্রেক্সিট পরিকল্পনা শ্বেতপত্র আকারে প্রকাশ করবেন।
শ্বেতপত্রে সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র সঙ্গে কী কী বিষয় নিয়ে দরকষাকষি করবে সে বিষয়ে সংক্ষেপে ধারণা দেওয়া হয়েছে।
যদিও লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়, ওই শ্বেতপত্রে ‘কিছুই বলা হয়নি’ এবং ‘অর্থপূর্ণ’ পর্যালোচনার জন্য সময়ও দেওয়া হয়নি।
শ্বেতপত্রে বলা হয়, যুক্তরাজ্য ইইউ’র একক বাজার ও কাস্টম ইউনিয়ন থেকে নিজেদের সরিয়ে নিয়ে নতুন করে অবাধ বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করতে চায়।
ইইউর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার আগে ইউরোপের দেশগুলোর সঙ্গে একটি চু্ক্তিতে উপনীত হওয়ার আগ্রহের কথাও জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
এ বছর মার্চের শেষ দিকে লিসবন চুক্তির আর্টিকেল-ফিফটির অধীনে ইইউর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন মে।
মে কে ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর অনুমতি দিতে বুধবার ব্রিটিশ পার্লামেন্টে প্রধান বিরোধীদল লেবার পার্টির সমর্থনে ‘ইউরোপিয়ান ইউনিয়ন বিল’ এর উপর ভোট হয়।
সেখানে বিলের পক্ষে ৪৯৮টি এবং বিপক্ষে ১১৪টি ভোট পড়ে।
লেবার পার্টির মোট ৪৭ জন এমপি দলের সমর্থনের বাইরে গিয়ে বিলের বিপক্ষে ভোট দেন।
