২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন মে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) ব্যাপারে সরকারের পরিকল্পনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 10:13 PM

Updated : 11 Apr 2022, 10:52 PM

তিনি বলেন, ইইউ এর সঙ্গে ব্রেক্সিট নিয়ে আলোচনার ব্যাপারে তার ‘বলিষ্ঠ’ প্রস্তাব শ্বেতপত্র আকারে প্রকাশের আগ্রহ জনমনে আছে বলেই তিনি উপলব্ধি করেছেন।

লেবার পার্টির সঙ্গে যোগ দিয়ে অনেক কনজারভেটিভ এমপি’ই এ ধরনের পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন।

লেবার নেতা জেরেমি করবিন কখন এ শ্বেতপত্র প্রকাশ করা হবে তা জানতে চেয়েছেন। তার দল বলছে, এ কাজটি ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে এমপি’দের ভোটাভুটির আগেই হতে হবে।

পার্লামেন্টকে পাশ কাটিয়ে ব্রেক্সিট নয় মর্মে ব্রিটিশ সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরই প্রধানমন্ত্রী মে তার ব্রেক্সিট পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করার এ ঘোষণা দিলেন।

যুক্তরাজ‌্যের সুপ্রিম কোর্ট বলেছে, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করার আগে সরকারকে অবশ‌্যই ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। ফলে এ সংক্রান্ত একটি বিল বৃহস্পতিবারেই পার্লামেন্টে উত্থাপন করা হতে পারে।

মে মার্চের শেষ নাগাদই আলোচনা শুরু করতে চান। ফলে সরকারের হাতে সময় খুব কম।