বর্ষবরণে নিপীড়নকারীদের বিতাড়িত করা হবে: মের্কেল
বর্ষবরণের দিনে কোলন শহরে নারীদের ওপর যৌন নিপীড়নে বেশ কয়েকজন আশ্রয়প্রার্থী জড়িত থাকার কথা জানিয়েছে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, নিপীড়নকারীদেরকে জার্মানি থেকে বিতাড়িত করা হবে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র টোবিয়াস প্লেট বলেন, কোলন সিটি সেন্টারের বাইরে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত ৩১ জনের নাম-পরিচয় জানতে পেয়েছে কেন্দ্রীয় পুলিশ। তাদের মধ্যে ১৮ জন জার্মানিতে আশ্রয় প্রার্থনা করেছে।
২০১৬ সালকে স্বাগত জানানোর দিন কোলন সিটি সেন্টার ও এর আশেপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি সেন্টারের মাঝামাঝি জায়গায় একদল তরুণ নারীদের যৌন নির্যাতন করে।
ওই রাতেই ডাকাতি, হুমকি এবং যৌন নিপীড়নের শিকার হওয়ার প্রায় ৯০টি অভিযোগ পুলিশের কাছে জমা পড়ে। এখন পর্যন্ত ১২১টি অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে দুইজন নারী ধর্ষণের শিকার হওয়ারও অভিযোগ করেছে।
ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছে, নির্যাতনকারীরা দেখতে ‘আরব ও উত্তর আফ্রিকানদের’ মতো ছিল।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কেন্দ্রীয় পুলিশের হাতে ওই রাতে সংগঠিত ৩২টি অপরাধের তথ্য রয়েছে। সেগুলোর বেশিরভাগই চুরি ও মারধরের অভিযোগ। যৌন নিপীড়নের তিনটি ঘটনার তথ্যও রয়েছে।
“এখন পর্যন্ত ৩১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে নয় জন আলজেরিয়ার, আট জন মরক্কোর, পাঁচ জন ইরানি, চার জন সিরীয়, দুই জন জার্মান এবং একজন করে ইরাক, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক।”
চ্যান্সেলর মের্কেল বলেছেন, “জার্মানির নিয়ম-কানুন মেনে চলতে যারা প্রস্তুত নয় তাদেরকে ‘পরিষ্কার বার্তা’ পাঠাতে হবে। আর তা পাঠানোর জন্য আমাদেরকে বার বার খতিয়ে দেখতে হবে যে জার্মানি থেকে তাদেরকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু আমরা করেছি কিনা।”
বর্ষবরণে যৌন নিপীড়নের ওই ঘটনা নিয়ে জার্মানি এবং বিশ্বজুড়ে ক্ষোভের ঝড় ওঠে। শরণার্থীদের স্বাগত জানানোয় আগে থেকেই চাপের মুখে থাকা মেরকেল এ ঘটনায় আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান।
শরণার্থী বিরোধী জার্মানরাও শরণার্থী আইন আরো কড়াকড়ি করার দাবি জানায়।
শুক্রবার এক বিবৃতিতে মেরকেল বলেন, “একটি দেশের জন্য এ ধরনের অপরাধ খু্বই অপ্রীতিকর। জার্মানি কখনওই এটি মেনে নেবে না। একারণেই সেখানে যা যা ঘটেছে তার সবকিছু সবার সামনে তুলে ধরা খুব জরুরি।”
জার্মানির বিচারমন্ত্রী হাইকো মাস স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, জার্মানির আইন অনুযায়ী অভিবাসন প্রক্রিয়া চলাকালে কোনো আশ্রয়প্রার্থীর যদি এক বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড হয় তবে তাকে দেশ থেকে বের করে দেওয়া যাবে।
জার্মানির কয়েকটি শহর ছাড়াও ফিনল্যান্ড, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডেও বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছে পুলিশ।
ওদিকে, দলবদ্ধ ধর্ষণের অভিযোগে জার্মানির শহর ভাইল এম রাইন থেকে সিরিয়ার চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জার্মানির গণমাধ্যমগুলো জানায়, সিরিয়ার ওই চার ব্যক্তির বিরুদ্ধে নতুন বছরের আগের দিন রাতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে।
তবে এ ঘটনার সঙ্গে কোলনের ঘটনার কোনো যোগসূত্র নেই বলে ধারণা করছে পুলিশ।
