সানা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইয়েমেনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে বলে রোববার জানিয়েছে বিরোধীরা। তবে আলোচনা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চুক্তি হাতের নাগালেই আছে।
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে জড়িয়ে পড়ার মধ্যে ক্ষমতা হস্তান্তর আলোচনা বন্ধের এ খবর এলো। এ আলোচনা নতুন করে শুরুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই তা বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের পক্ষ নেওয়া ইয়েমেনের শীর্ষ জেনারেল আলী মোহসেনের এক সহযোগী জানান, রোববার সন্ধ্যায়ই আলোচনা বন্ধ হয়েছে। তা আবার শুরু হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, "এখন পর্যন্ত কোনোভাবেই না।"
ইয়েমেনের প্রধান বিরোধী জোটের মূখপাত্রও আলোচনা বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, "এ অবস্থা চলতে থাকলে প্রতিদ্বন্দ্বী সামরিক ইউনিটগুলোর মধ্যকার সহিংসতা রাজনৈতিক পট বদলে দিতে পারে।"
তবে ইয়েমেনের ক্ষমতাসীন দলের পরিচালনা কমিটি সংসদীয় পদ্ধতির ভিত্তিতে একটি খসড়া সংবিধান রচনার জন্য নতুন সরকার গঠনের সুপারিশ করায় ক্ষমতা হস্তান্তর চুক্তির সম্ভাবনা এখনো আছে বলেই আভাস পাওয়া যাচ্ছে।
ইয়েমেনে ক্ষমতা হস্তান্তর চুক্তি হচ্ছে বলে গত সপ্তাহে জানান অন্তবর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুবকর আল-কিরবি।
শনিবারের মধ্যেই এ সমঝোতা হওয়ার সম্ভাবনা জানিয়েছিলেন তিনি। কিন্তু পরে রোববার সন্ধ্যায়ও বিষয়টি নিয়ে আলোচনায় বসার খবর জানায় রয়টার্স।
সালেহর ৩২ বছরের শাসন অবসানের দাবিতে জানুয়ারিতে ইয়েমেনে বিক্ষোভ শুরু হয়। তখন থেকে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
সালেহর এ বছরের শেষ নাগাদ ক্ষমতা ছাড়ার প্রস্তাবের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর চুক্তি হবে জানিয়ে কিরবি বলেন, ক্ষমতা হস্তান্তরের সময়সীমা সমঝোতা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।
রয়টার্সকে কিরবি বলেন, "যতক্ষণ পর্যন্ত বিরোধী দল জেএমপি ক্ষমতাসীন দলের সঙ্গে আন্তরিকভাবে সমঝোতা আলোচনা চালিয়ে যাবে ততোক্ষণ সম্ভাব্য সব কিছু করতে ইচ্ছুক প্রেসিডেন্ট সালেহ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/এলকিউ/২০২৩ ঘ.
bdnews24