জেলেনস্কির নিজ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০
কিইভ লক্ষ্য করে রাশিয়ার ছোড়া সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী, দাবি ইউক্রেইনের সামরিক কর্মকর্তাদের।
রাশিয়া ইউক্রেইনের প্রসিডেন্ট ভলোদিমির জেলনস্কির নিজ শহর ক্রিভই রিয়াতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা ও ২৫ জনকে আহত এবং বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ ইউক্রেইনের কর্মকর্তাদের।
মঙ্গলবার ভোররাতের দিকে এই তুমুল হামলা হয়েছে বলে ঘটনার পরপরই জানিয়েছেন তারা।
“সেখানে মৃত ও আহতরা আছে। ক্রিভই রিয়াতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে,” মেসেজিং অ্যাপ টেলিগ্রামে নিপ্রোপিত্রোভস্ক অঞ্চলের মেয়র সেরহি লিসাক এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ক্রিভই রিয়া শহরটি নিপ্রোপিত্রোভস্ক অঞ্চলেই অবস্থিত। এটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। তিনি তার শহরে হওয়া এই হামলার নিন্দা করেছেন।
মঙ্গলবার ভোররাতের দিকে সমগ্র ইউক্রেইনজুড়েই বিমান হামলার বিষয়ে সতর্ক করে সাইরেন বেজে উঠেছিল।
কিইভের সামরিক কর্মকর্তারা জানান, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেইনের রাজধানী লক্ষ্য করে রাশিয়ার ছোড়া সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে।
দেশটির শীর্ষ সামরিক কমান্ড বলছে, ইউক্রেইনের দিকে ছোড়া রাশিয়ার ১৪টি ক্ষেপণাস্ত্রের ১০টি এবং ইরাননির্মিত ৪টি ড্রোনের একটিকে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
কতগুলো রুশ ক্ষেপণাস্ত্র ক্রিভই রিয়াতে আঘাত হেনেছে এবং মস্কোর পাঠানো ড্রোনগুলো কোথায় কোথায় আঘাত হেনেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ক্রিভই রিয়ার মেয়র ওলেকসান্দার ভিউকুল জানান, তার শহরে একটি ৫ তলা ভবনসহ একাধিক বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
“ধ্বংসস্তূপের নিচে অন্তত সাতজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে,” টেলিগ্রামে বলেছেন ভিউকুল।
তিনি এ নিয়ে আর বিস্তুারিত কিছু বলেননি। রযটার্সও রাশিয়ার হামলা ও ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেইনের কর্মকর্তাদের দাবি স্বতন্ত্রভাবে যাচাই করে দেখতে পারেনি।
সব জানালা চুরমার হয়ে যাওয়া এবং কয়েকটি থেকে ধোঁয়া বেরিয়ে আসছে এমন একটি ৫ তলা অ্যাপার্টমেন্ট ভবনের ছবি শেয়ার করেছেন নিপ্রোপিত্রোভস্কের মেয়র লিসাক।
এ হামলার খবর বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেইনে প্রায় ১৬ মাস আগে সেনা পাঠিয়ে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর এখন পর্যন্ত যতখানি লড়াই হয়েছে, তাতে উভয়পক্ষই বেসামরিকদের লক্ষ্য করে আঘাত হানার অভিযোগ অস্বীকার করে আসছে।
ইউক্রেইনের পূর্বাঞ্চলে খারকিভ শহরে রুশ ড্রোন একটি গুদাম, একটি পরিষেবা কোম্পানির ভবন ও বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে বলে শহরটির মেয়র তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন। এতে হতাহত হয়েছে কিনা, হলে কতজন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আরও খবর:
