২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে জার্মানির ৭ লেপার্ড ট্যাঙ্ক ধ্বংসের দাবি রাশিয়ার

জাপোরিজিয়া অঞ্চলে ইউক্রেইনের সামরিক বাহিনীর মাউন্টেন অ্যাসাল্ট ব্রিগেডের সাঁজোয়া যানের একটি কলাম ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

ইউক্রেইনে জার্মানির ৭ লেপার্ড ট্যাঙ্ক ধ্বংসের দাবি রাশিয়ার

রাশিয়ার প্রকাশিত ভিডিও ও ছবিগুলোতে ইউকেইনের সাঁজোয়া যান ও ট্যাঙ্কগুলোতে আক্রমণের বহু দৃশ্য দেখা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 04:42 PM

Updated : 12 Jun 2023, 04:42 PM

ইউক্রেইনে জার্মানির তৈরি অন্তত সাতটি লেপার্ড ট্যাঙ্ক ও যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচটি ব্র্যাডলি সামরিক যান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। 

ইউক্রেইনের পাল্টা আক্রমণ প্রতিহত করার সময় দুই দিনে পশ্চিমাদের দেওয়া এসব অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে রোববার জানিয়েছে তারা।

তবে রুশ ব্লগাররা জানিয়েছেন, এই সময়ের মধ্যে ইউক্রেইন অল্প সময়ের জন্য রাশিয়ার প্রতিরক্ষা লাইনে অনুপ্রবেশ করেছিল।

শনিবার ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড’ চলছে বলে স্বীকার করেছিলেন। এর একদিন আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, তাদের সেনারা ইউক্রেইনের পাল্টা আক্রমণের প্রথম হামলাগুলো প্রতিহত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, আগের দিন তারা তিনটি প্রধান দিকে ইউক্রেইনের ১২টিরও বেশি হামলা প্রতিহত করেছে আর জাপোরিজিয়া অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর ১২৮তম মাউন্টেন অ্যাসাল্ট ব্রিগেডের সাঁজোয়া যানের একটি কলাম ধ্বংস করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “শনিবার ইউক্রেইনের সশস্ত্র বাহিনী দোনেৎস্ক, দক্ষিণ দোনেৎস্ক ও জাপোরিজিয়ার দিকে একের পর এক অসফল আক্রমণ প্রচেষ্টা চালিয়ে গেছে।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একটি ভিডিওতে দেখা গেছে রাশিয়ার ড্রোনগুলো ইউক্রেইনের ট্যাঙ্কগুলোর ওপর আঘাত হানছে। এই ভিডিওর তারিখ শনাক্ত করতে না পারলেও অবস্থান শনাক্ত করা গেছে আর তা জাপোরিজিয়া অঞ্চল। তবে যুদ্ধক্ষেত্রের এসব প্রতিবেদন তারা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছেন, ভেলিকা নোভোসিলকা শহরের দক্ষিণে রাশিয়ার প্রতিরক্ষা লাইনের একটি অংশ গুড়িয়ে দিয়ে ইউক্রেইনের বাহিনীগুলো ভেতরে ঢুকে কয়েকটি গ্রামের দখল নিয়ে নিয়েছিল, এ সময় রাশিয়ার বাহিনীগুলো পিছু হটে উঁচু এলাকাগুলোতে অবস্থান নেয়।

জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রিত অংশের রুশপন্থি ইউক্রেইনীয় কর্মকর্তা ভ্লাদিমির রোগোভ জানিয়েছেন, পরে রাশিয়ার বাহিনীগুলো ফের ওই গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়।  

ইউক্রেইন জানিয়েছে, তারা বাখমুত শহরের কাছে কিছুটা অগ্রগতি অর্জন করেছে। গত মাসে রাশিয়ার বাহিনীগুলোর কাছে বাখমুতের পতন হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত কয়েকদিনে বেশ কয়েকটি ভিডিও ও ছবি প্রকাশ করেছে, সেগুলোতে তাদের কেএ-৫২ অ্যাটাক হেলিকপ্টার ও ড্রোন থেকে ইউক্রেইনের সাঁজোয়া যান ও ট্যাঙ্কগুলোতে আক্রমণের বহু দৃশ্য দেখা গেছে। 

শনিবার মন্ত্রণালয়টির প্রকাশিত ফুটেজে জাপোরিজিয়া অঞ্চলে ড্রোনগুলোকে ইউক্রেইনের ট্যাঙ্কে আঘাত হানতে দেখা গেছে। কিইভ বাহিনী যে কয়েকটি অঞ্চলে তাদের পাল্টা আক্রমণ শুরু করেছে জাপোরিজিয়া তার অন্যতম।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবির সঙ্গে মিলিয়ে রয়টার্স এই ভিডিওতে দেখানো স্থানটি শনাক্ত করেছে। এটি জাপোরিজিয়ার মালা তোকমাচকা গ্রাম থেকে দুই মাইল দক্ষিণের একটি স্থান। গাছপালার সারি, ফসলের ক্ষেত ও ভবনের অবস্থান মিলিয়ে এলাকাটি শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে তারা।

আরও খবর:

পুরনো খবর:

পাল্টা হামলায় প্রথম সাফল্যের দাবি ইউক্রেইনের