গুজরাটে ‘গেমিং জোনে’ আগুন: নয় শিশুসহ মৃত্যু বেড়ে ৩২
মৃতদেহগুলি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।
ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। নিহতদের মধ্যে নয়টি শিশু রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার সন্ধ্যায় আগুন লাগার পর গেমিং জোন থেকে ১৫-২০ জন শিশুকে উদ্ধারের খবর হয়েছিল। রোববার সকালেও উদ্ধার কাজ অব্যাহত ছিল।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের দেখেতে হাসপাতালেও গিয়েছিলেন তিনি।
রাজকোট পুলিশের সহকারী কমিশনার বিনায়েক প্যাটেল বলেন, “মৃতদেহগুলো সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তাই নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।”
এ ঘটনায় আহত তিনজন এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ঘটনা তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী টিমকে (সিট) ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদনে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সিট গেমিং জোনের নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলোর ভূমিকা খতিয়ে দেখছে।
এ ঘটনায় গেমিং জোনের মালিক ও ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআআইএমএস) এ আহতদের চিকিৎসার জন্য ৩০টি আইসিইউ বেড প্রস্তুত রাখা হয়েছে।
দমকল কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কী থেকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো নিশ্চিত করা যায়নি।
এই অগ্নিকাণ্ডের পর গুজরাট পুলিশ রাজ্যের সব গেমিং জোনগুলো পরিদর্শন করে যেগুলোর অগ্নি নিরাপত্তা ছাড়পত্র নেই সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য চার লাখ রুপি এবং আহত প্রত্যেকের পরিবারের জন্য ৫০ হাজার রুপি সাহায্য প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
