১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭

একই দিকে যেতে থাকা দু’টি বাসের মধ্যে সামনেরটি হঠাৎ দিক পরিবর্তন করলে পেছনেরটি এসে সজোরে ধাক্কা দেয়।

বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩৭
দুর্ঘটনার পর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি বাসের পাশে দাঁড়িয়ে আছেন স্থানীয়রা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 12:45 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় দু’টি বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। 

দেশটির পশ্চিমাঞ্চলীয় পোতোসি অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে শনিবার পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ভোরে উইউনি ও কোলচানি শহরের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটি ঘটে। একই দিকে যেতে থাকা দু’টি বাসের মধ্যে সামনেরটি হঠাৎ দিক পরিবর্তন করলে পেছনেরটি এসে সজোরে ধাক্কা দেয়।  

“এই মারাত্মক দুর্ঘটনায় আহত ৩৯ জনকে উইউনি শহরের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৩৭ জন প্রাণ হারিয়েছেন,” সাংবাদিকদের বলেছেন পোতোসির ডিপার্টমেন্টাল পুলিশ কমান্ডের এক মুখপাত্র।  

পুলিশ হতাহতদের শনাক্ত করতে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। 

দুর্ঘটনার সময় এক বাসের ধাক্কায় আরেকটি উল্টে পড়েছিল। একটি ক্রেন সেটিকে সোজা করার পর পুলিশ দুর্ঘটনাকবলিত বাসগুলো থেকে মৃতদেহ সরানো শুরু করে। 

এক বিবৃতিতে বলিভিয়া সরকার জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী একটি বাস সম্ভবত তীব্র গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেক লেনে ঢুকে পড়ে আর তাতেই দুর্ঘটনাটি ঘটে।