১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারত সীমান্তে এখনই ‘বাড়তি কিছু করব না’: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে উত্তেজনা প্রশমনে ভারতকে আগ বাড়িয়ে বাংলাদেশ কিছু বলবে না, বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 01:15 AM

Updated : 26 Aug 2026, 12:39 PM

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্তে ভারত নিরাপত্তা বাড়ালেও এর পাল্টায় ঢাকার দিক কোনো পদক্ষেপ না নেওয়ার কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমাদের সীমান্তের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, তাই করব। 

“ভারত-পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে আছে, আমাদের সঙ্গে ভারতের যে ধরনের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করব না।”

এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা প্রশমনে ভারতকে আগ বাড়িয়ে বাংলাদেশ কিছু বলবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “এটা আমি জানি না। কারণ, যদি দিল্লি আমার কাছে জানতে চায়, আমি ঠিক একই কথা বলব। কিন্তু তারা না চাইলে আমারতো আগ বাড়িয়ে বলার প্রয়োজন নাই। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার বিফ্রিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার বিফ্রিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

“যেহেতু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছেন, তাকে আমি বলেছি যে, আমরা শান্তি চাই। আমরা চাই না যে, এখানে কোনো সংঘাত হোক।”

কাশ্মীরে হামলার পর ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে সোমবার রাতে তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

আলোচনায় পাকিস্তান কোনো সহায়তা চেয়েছে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ঘটনাটা যেটা ঘটেছে এবং পাকিস্তান কী কী পদক্ষেপ নিয়েছে, সেটা উনি আমাকে অবহিত করার জন্য ফোন করেছিলেন। রাত ৮টার সময়। এবং সেখানে তিনি শুধু তারা যেটা করছেন, সেটারই বিবরণ দিয়েছেন।

“আমার কাছে উনি কোনো সহায়তা চাননি, রিঅ্যাকশনও কিছু চাননি। আমি শুধু বলেছি যে, আমরা আসলে চাই যে, শান্তি বহাল থাকুক। উত্তেজনা প্রশমনে যেন ব্যবস্থা নেওয়া হয়, উত্তেজনা বৃদ্ধিতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে, আলাপ-আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান।”