২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা কখনোই বিক্রির জন্য নয়: ট্রাম্পকে বললেন কার্নি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম রাজ্য হওয়ার সুবিধাগুলো নতুন করে কার্নির সামনে তুলে ধরলে তিনি একথা বলেন।

কানাডা কখনোই বিক্রির জন্য নয়: ট্রাম্পকে বললেন কার্নি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 12:44 AM

Updated : 26 Aug 2026, 12:39 PM

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট করেই বলেছেন, কানাডা কখনোই বিক্রির জন্য নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম রাজ্য হওয়ার সুবিধাগুলো নতুন করে কার্নির সামনে তুলে ধরলে তিনি একথা বলেন।

ট্রাম্পকে কার্নি বলেন, “যেমন আপনি জানেন রিয়েল এস্টেটে কিছু জায়গা আছে যেগুলো বিক্রির জন্য নয়। কানাডাও বিক্রির জন্য নয়। এটি কখনোই বিক্রি করা হবে না।

“তবে অংশীদারিত্বের মধ্যে সুযোগ-সুবিধা আছে এবং আমরা একসঙ্গে তা গড়ে তুলতে পারি। অতীতেও আমরা সেটি করেছি।”

জবাবে ট্রাম্প বলেন, “কখনও কথাটি কখনোই বলবেন না। সময়ই বলে দেবে। এটি কেবলই সময়ের ব্যাপার।

“কিন্তু আমি বলি, কখনও কথাটি কখনও বলবেন না। আমার অনেক, অনেক কিছুই আছে যেটি করা সম্ভব ছিল না। তবে শেষপর্যন্ত সেটি করা সম্ভব হয়েছে এবং কেবল খুব বন্ধুত্বপূর্ণভাবেই করা সম্ভব হয়েছে।”

ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার দুই দেশের নেতা মুখোমুখি এই বৈঠক করলেন।

ট্রাম্প বিরোধী বার্তা দিয়ে কানাডার নির্বাচনে মার্ক কার্নির জয়ের পর এটিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম বৈঠক।

কানাডায় এবারের অনুষ্ঠিত নির্বাচনে কার্নির লিবারেল দলের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধ।

ট্রাম্পের শুল্কের ধাক্কা সামলাতে এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম ‘রাজ্য’ বানানোর হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচনের আগে জাতির কাছে 'শক্তিশালী ম্যান্ডেট' চেয়েছিলেন।

এরপর নির্বাচনে জয় ঘোষণার পরই ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষণ দিয়েছিলেন কার্নি। বলেছিলেন তার দেশ ‘কখনও’ যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না। সেই বক্তব্যের পর তিনি এবার ট্রাম্পের সঙ্গে দেখা করলেন।