১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় বার্ড ফ্লুতে বালিকার মৃত্যু

ক্যাম্বোডিয়ায় ২০১৪ সালের পর এই প্রথম এইচ৫এন১ ভাইরাসটি মানবদেহে সংক্রমিত হয়েছে-বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ক্যাম্বোডিয়ায় বার্ড ফ্লুতে বালিকার মৃত্যু

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2023, 08:26 PM

Updated : 25 Feb 2023, 12:46 AM

ক্যাম্বোডিয়ায় ৯ বছরের মধ্যে এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ১১ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করে জানিয়েছে।

প্রে ভেং প্রদেশের পল্লী অঞ্চলের ওই বালিকা গত বুধবার এইচফাইভএন১ ভাইরাসে আক্রান্ত হয়। তার প্রচণ্ড জ্বর, কাশি এবং গলা ব্যথা ছিল।

ক্যাম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মেয়েটির বাবাও বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে এবং আরও ১১ জনের বার্ড ফ্লু পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী মেম বুনেঙ বৃহস্পতিবার জানান, ২০১৪ সালের পর এই প্রথম এইচ৫এন১ ভাইরাসটি মানবদেহে সংক্রমিত হয়েছে।

আক্রান্ত বালিকাকে তার গ্রাম থেকে রাজধানী নম পেনের হাসপাতালে নেওয়া হয়। কিন্তু রোগ ধরা পড়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

বিবিসি জানায়, মেয়েটির গ্রামের কাছ থেকে কর্মকর্তারা কয়েকটি মৃত পাখির নমুনা সংগ্রহ করেছেন। মৃত এবং অসুস্থ পাখিকে স্পর্শ না করার ব্যাপারেও অধিবাসীদের সতর্ক করেছেন তারা।

ক্যাম্বোডিয়ায় সর্বশেষ বার্ড ফ্লু আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছিল ২০১৪ সালে। তার আগের দশকে দেশটিতে এইচ৫এন১ ভাইরাসে ৫৬ জন আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ৩৭ জন।