১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হরিয়ানায় ক্ষমতায় ফিরছে কংগ্রেস, জম্মু-কাশ্মীরে ঝুলন্ত পার্লামেন্ট: বুথফেরত জরিপ

অন্তত সাতটি বুথফেরত সমীক্ষার সবকটিতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় ৫৫ আসন পেতে পারে কংগ্রেস।  জম্মু ও কাশ্মীরেও এগিয়ে থাকতে পারে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট।

হরিয়ানায় ক্ষমতায় ফিরছে কংগ্রেস, জম্মু-কাশ্মীরে ঝুলন্ত পার্লামেন্ট: বুথফেরত জরিপ
ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 07:42 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

ভারতে হরিয়ানার বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিতে সরকার গড়তে চলেছে কংগ্রেস পার্টি। 

প্রায় সব বুথ ফেরত জরিপেই মিলেছে এমন পূর্বাভাস। বুথফেরত জরিপ আরও বলছে, জম্মু ও কাশ্মীরে সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকতে পারে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট। সেক্ষেত্রে একটি ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে।

শনিবার সকাল থেকে হরিয়ানা রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলেছে। হরিয়ানার ৯০টি কেন্দ্রে এক দফাতেই ভোট হয়েছে। মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হওয়ার কথা। 

এনডিটিভি জানায়, অন্তত সাতটি বুথফেরত সমীক্ষার সবকটিতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় ৫৫ আসন পেতে পারে কংগ্রেস। অর্থাৎ, এককভাবে সরকার গঠন করতে পারে কংগ্রেস। 

২০১৯ সালে হরিয়ানায় ৪০টি আসনে জিতেছিল বিজেপি। যা একক সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম। হরিয়ানায় মোট বিধানসভা আসন সংখ্যা ৯০। আর ম্যাজিক ফিগার হল ৪৬। এবারের বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের পূর্বাভাস সত্য হলে হরিয়ানায় বিজেপি’র ক্ষমতাচ্যুত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

জম্মু ও কাশ্মীরেও ৯০টি আসন। এর মধ্যে ৪৩টি আসন পেতে পারে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট; যেখানে সরকার গড়তে প্রয়োজন হবে ৪৬ আসন। 

বুথফেরত জরিপের ফল অবশ্য ভুল হওয়ারও ইতিহাস আছে।

ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে ৪০-৪৮টি আসন পেতে পারে ইন্ডিয়া (কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স)। কাশ্মীর এলাকায় ইন্ডিয়া জোট পেতে পারে ২৯-৩৩টি আসন। বিজেপি একটি আসনে জিততে পারে। 

ধ্রুব রিসার্চের সমীক্ষায় অনুযায়ী, ৫৭-৬৪টি আসনে জিততে পারে কংগ্রেস। আর বিজেপি’র ঝুলিতে যেতে পারে ২৭-৩২টি আসন। অর্থাৎ, আরও একটি সমীক্ষায় বিজেপি সরকারের পতনের আভাস দেওয়া হয়েছে। 

পিপলস পালসের সমীক্ষা অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স। জিততে পারে ৩৩-৩৫টি আসন। কংগ্রেস ১৩-১৫টি আসনে জিততে পারে। বিজেপি জিততে পারে ২৩-৩৭টি আসন। 

আরও তিনটি বুথফেরত জরিপের সমীক্ষা বলছে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স পেতে পারে ৪৩ আসন। আর বিজেপি পেতে পারে ২৬ টি আসন, যা জাদুসংখ্যা থেকে অনেক কম।

হরিয়ানা বিধানসভা নির্বাচনে শাসকদল বিজেপি’র ১০ মন্ত্রী এবার প্রার্থী হয়েছিলেন। তার মধ্যে মাত্র ২ মন্ত্রী এ বার ভোট বৈতরণি পার হতে পরেছেন। বাকি ৮ জনই পরাস্ত হয়েছেন।