১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলে নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প

ইসরায়েলের নির্বাচনি জরিপগুলোতে স্পষ্ট দেখা গেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু জয় পাওয়ার অবস্থানে নেই এবং মার্কিন প্রেসিডেন্ট এখনও তাকে কোনও স্পষ্ট রাজনৈতিক সমর্থন দেননি।

ইসরায়েলে নির্বাচনের আগে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 11:39 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন ঘিরে চাপে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে থাকার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও তার পাশে নেই। এখন পর্যন্ত নেতানিয়াহুকে রাজনৈতিক সমর্থন দেওয়া এড়িয়ে চলছেন তিনি।

সম্প্রতি হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠককলে ইসরায়েলের নির্বাচনি জরিপের ফল নিয়ে জানতে চাওয়া হলে নেতানিয়াহুর এক উপদেষ্টা দাবি করেছিলেন, ‘তিনি জিতছেন’।

তবে বাস্তবতা ভিন্ন। জরিপগুলোতে স্পষ্ট দেখা গেছে, নেতানিয়াহু নির্বাচনে জয় পাওয়ার অবস্থানে নেই। নির্বাচন ঘনিয়ে এলেও ট্রাম্প এখনও তাকে কোনও স্পষ্ট রাজনৈতিক সমর্থন দেননি।

জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর বর্তমান জোট পেতে পারে ৪৯ থেকে ৫৩টি আসন, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসন। বর্তমানে তার হাতে আছে ৬৮ আসন।

অন্যদিকে, বিরোধী দলগুলো জরিপ অনুযায়ী, ৬৭ থেকে ৭০টি আসন পেতে পারে এবং নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক আইডিএফ প্রধান গাদি আইজেনকোট বেশিরভাগ জরিপে এগিয়ে রয়েছেন বলে দেখা যাচ্ছে।

তবে নির্বাচনে নেতানিয়াহুর স্পষ্ট বা একক জয় না পেলেও চলবে। সেক্ষেত্রে তার মূল কৌশল হল, বিরোধীদের এককভাবে সরকার গঠন ঠেকাতে পর্যাপ্ত ভোট ধরে রাখা।

কোনও দলই এককভাবে সরকার গঠন করতে না পারলে আরেকটি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত আরও কয়েক মাস নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে থেকে যেতে পারবেন। এই মুহূর্তে এমন সম্ভাবনাই বাস্তব।

ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে দূরত্ব:

ইরান যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে, ট্রাম্পের কিছু ঘনিষ্ঠ উপদেষ্টা আশা করেছিলেন যে, তিনি নেতানিয়াহুকে সমর্থন দেবেন। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার শেষ করার জন্য তাকে একটি সাধারণ ক্ষমা দেওয়ার পক্ষে সোচ্চারও হয়েছিলেন।

কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দুই নেতার পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং অভ্যন্তরীন রাজনৈতিক স্বার্থের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। ইরান, লেবানন এবং গাজা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের দুইজন বড় কর্মকর্তা জানিয়েছেন যে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক ভাল হলেও, নেতানিয়াহু ইদানিং যেসব সিদ্ধান্ত নিচ্ছেন এবং যে ধরনের নীতি অবলম্বন করছেন, তা ট্রাম্প পছন্দ করছেন না এবং এ কারণে তিনি হতাশ।

নেতানিয়াহুকে নিয়ে সম্প্রতি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এমন দুই কর্মকর্তা জানান- মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "বিবি (নেতানিয়াহু) নিজেই নিজের ঘোর শত্রু।”

সম্প্রতি ট্রাম্পের ১৫ দফা গাজা শান্তি পর্ষদ (বোর্ড অব পিস) পরিকল্পনা নেতানিয়াহু প্রকাশ্যে প্রত্যাখ্যান করায় সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে।

গাজা পরিকল্পনা নিয়ে মতবিরোধ:

যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, হোয়াইট হাউজ নেতানিয়াহুর বক্তব্যকে একটি নীতিগত ঘোষণা হিসেবে দেখার চেয়ে বরং নির্বাচনী মৌসুমের রাজনীতি হিসেবেই দেখছে।

নেতানিয়াহু পরবর্তীতে ট্রাম্পের দূত জ্যারেড কুশনারের সঙ্গে কথা বলেন এবং গাজা পরিকল্পনা নিয়ে সন্দেহ থাকার পরও এটিকে একটি সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর অনুমতি দিতে তিনি গাজায় হামলা কমানো বা নিয়ন্ত্রণে রাখতেও রাজি হন।

তারপর থেকে, ইসরায়েল গাজায় কিছুটা কম হামলা চালিয়েছে এবং আইডিএফ হলুদ লাইন থেকে পিছু হটেছে, যেখানে চুক্তি অনুযায়ী তাদের মোতায়েন করার কথা ছিল।

কুশনার আগামী সপ্তাহে গাজা পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে ইসরায়েল সফর করবেন বলে আশা করা হচ্ছে।

ট্রাম্পকে নিরপেক্ষ থাকার আহ্বান নেতানিয়াহুর প্রতিপক্ষদের

নেতানিয়াহুর রাজনৈতিক বিরোধীরা, যার মধ্যে আইজেনকোট এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদও রয়েছেন, তারা উদ্বিগ্ন যে ট্রাম্প শেষ পর্যন্ত তাকে সমর্থন দিয়ে দিতে পারেন।

তাদের সহযোগীরা বলেছেন যে, বিরোধী দলীয় ব্যক্তিরা পারস্পরিক বন্ধু, দাতা এবং অন্যান্য রাজনৈতিক মিত্রদের মাধ্যমে ট্রাম্প ও তার উপদেষ্টাদের কাছে বার্তা পাঠিয়ে তাকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়েছেন।

একজন সাবেক মার্কিন কর্মকর্তা বলেছেন, জনমত জরিপে নেতানিয়াহুর দুর্বল অবস্থানের কারণে ট্রাম্প তার সঙ্গে কোনও বিষয়ে জড়াতে বা তাকে সাহায্য করতে আগ্রহ হারিয়ে থাকতে পারেন।

ট্রাম্প ইসরায়েলে এখনও জনপ্রিয়। তবে তার ইরান চুক্তি এবং সেই চুক্তি লঙ্ঘিত হওয়ার পর যুদ্ধ থেকে পিছিয়ে আসার সিদ্ধান্তের কারণে ইসরায়েলে গত তিন মাসে তার অবস্থান বা ভাবমূর্তি কিছুটা নিম্নমুখী হয়েছে।

ইরান, গাজা, সিরিয়া এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে ট্রাম্প যে বিধিনিষেধ আরোপ করেছেন, ইসরায়েলিরা তাতেও আপত্তি জানিয়েছে।

চারবার নেতানিয়াহুকে সমর্থন দেওয়া এড়িয়েছেন ট্রাম্প

সম্প্রতি কয়েক সপ্তাহে ট্রাম্পকে চারবার জিজ্ঞেস করা হয়েছিল যে, তিনি নেতানিয়াহুকে সমর্থন করেন কিনা। প্রতিবারই তিনি তাকে সমর্থন করা বা অনুমোদন দেওয়ার বিষয়টি এড়িয়ে গেছেন।

জুলাই মাসে যখন রেডিও সঞ্চালক হিউ হিউইট জিজ্ঞাসা করেছিলেন যে, ইসরায়েলে এ পদের জন্য আরও উপযুক্ত কেউ আছেন কিনা, তখন ট্রাম্প উত্তর দিয়েছিলেন যে, তিনি নেতানিয়াহুর বেশিরভাগ প্রতিপক্ষকে চেনেন না।

ট্রাম্প সম্প্রতি নেতানিয়াহুকে একজন মহান যুদ্ধকালীন নেতা হিসেবে প্রশংসা করেছেন। তবে তিনি কথাগুলো বলেছেন অতীত কাল ব্যবহার করে, যা থেকে মনে হয় নেতানিয়াহুর সেই সময়ের ভূমিকা এখন আর বর্তমান নেই।

যদিও ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে, ট্রাম্প তাদের শেষ বৈঠকে নেতানিয়াহুর ক্ষমার বিষয়টি ব্যক্তিগতভাবে উত্থাপন করেছিলেন, তবুও তিনি কয়েক মাস ধরে এটি নিয়ে প্রকাশ্যে আলোচনা করেননি।

ট্রাম্পের কাছে ইসরায়েলের নির্বাচনের গুরুত্ব কি?

ট্রাম্পের ক্ষমতায় থাকার শেষ দুই বছরে তার পশ্চিম এশিয়া বিষয়ক কর্মপরিকল্পনার জন্য ইসরায়েলের নির্বাচন গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন ইরান সংকট 'কোনও চুক্তিও নেই, কোনও যুদ্ধও নেই' এমন পরিস্থিতির মধ্যে রয়েছে।

ট্রাম্প গাজায় তার শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়া, ইসরায়েল ও লেবাননের মধ্যে অগ্রগতি আনা, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তি নিশ্চিত করা এবং ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি করা নিয়ে মধ্যস্থতা করতে চান।

ট্রাম্প এবং তার দল ইসরায়েলের ২০১৯ সালের রাজনৈতিক সংকটের পুনরাবৃত্তি নিয়ে সতর্ক রয়েছেন, যে সময়ে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং পশ্চিম এশিয়ায় কূটনীতির একটি বছর নষ্ট হয়েছিল।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন যে, হোয়াইট হাউজ সেই ভুলের পুনরাবৃত্তি করবে না বা ইসরায়েলের অভ্যন্তরীন রাজনীতির কারণে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কর্মসূচি বিলম্বিত হোক তা চাইবে না।

সূত্র: নিউজ১৮/অ্যাক্সিওস