৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র নিহত

জাবালিয়ায় মুখপাত্র আল-কানুয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী আর তাতেই তিনি নিহত হন।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র নিহত
ইসরায়েলের হামলায় হামাসের নিহত মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া। ছবি: মিডল ইস্ট মিরর

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2025, 10:12 AM

Updated : 10 Sep 2026, 12:37 PM

ফিলিস্তিনি ছিটমহল গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দেল লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন। 

হামাসের আল-আকসা টেলিভিশন বৃহস্পতিবার ভোররাতে এ খবর জানিয়েছে। ইসরায়েল ছিটমহলটিতে ফের হামলা শুরু করার পর থেকে হামাসের আরেক নেতা নিহত হলেন। 

খবরে বলা হয়, জাবালিয়ায় আল-কানুয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী আর তাতেই তিনি নিহত হন। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলের পৃথক হামলায় গাজা সিটিতে অন্তত ছয়জন এবং খান ইউনিসে একজন নিহত হয়েছেন।  

চলতি সপ্তাহের প্রথমদিকে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম ও আরেক জ্যেষ্ঠ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।

হামাসের কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বারদাউইল ও বারহুম উভয়েই হামাসের ২০ সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘রাজনৈতিক দপ্তর’ এর সদস্য ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় নির্বিচার হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত এ পরিষদের ১১ জন সদস্য নিহত হয়েছেন।  

প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত সপ্তাহ থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলার মধ্য দিয়ে ইসরায়েলের গাজায় বন্দি থাকা বাকি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য হামাসের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করছে।   

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ১৮ মার্চ থেকে গাজায় ফের বড় ধরনের হামলা শুরু করার পর থেকে নারী ও শিশুসহ অন্তত ৮৩০ জন নিহত হয়েছেন। 

ইসরায়েল ও হামাস পরস্পরকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য দায়ী করেছে। জানুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতি গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য সাময়িক স্বস্তি নিয়ে এসেছিল। প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

আরও পড়ুন: 

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক নেতা নিহত

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক নেতাসহ নিহত ৫