১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালি পরিচালনা করবে তেহরান: কলিবফ

হরমুজ প্রণালি আর কখনোই এর যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানি আলোচক দলের প্রধান।

হরমুজ প্রণালি পরিচালনা করবে তেহরান: কলিবফ
সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 01:42 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, হরমুজ প্রণালি তেহরানের ব্যবস্থাপনায় পরিচালিত হবে। 

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনা শেষে কলিবফ একথা বলেছেন।

তিনি বলেছেন, “হরমুজ প্রণালি আর কখনোই এর যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ব্যবস্থাপনায় পরিচালিত হবে।”

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, টেলিগ্রামে নিজের অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে কলিবফ জানিয়েছেন, সুইজারল্যান্ডের ব্যুর্গেনস্টকের বিলাসবহুল রিজোর্টে আলোচনা থেকে ‘ভালো কিছু অর্জিত’ হয়েছে।  

ইরানের বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স 

ইরানের বন্দর আব্বাসের কাছে হরমুজ প্রণালি

তিনি বলেন, “আমার দৃষ্টিতে এই সফর ভালো সাফল্য এনেছে। বিশেষভাবে হরমুজ প্রণালি, লেবানন আলোচনা, তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ সম্পদ অবমুক্তি নিয়ে ভালো আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “কিছু মানুষ মনে করে কূটনীতির ক্ষেত্রে ও সামরিক ক্ষেত্র পরস্পর বিরোধী। প্রকৃতপক্ষে এ ধারণা ভুল। সামরিক ক্ষেত্রে কোনো সাফল্য অর্জিত হলে তার প্রকৃত সুফল রাজনৈতিক ও আইনগত স্বীকৃতির মাধ্যমে নিশ্চিত ও টেকসই হয়। কূটনীতি ছাড়া যুদ্ধক্ষেত্রের অর্জন ফলপ্রসূ হয় না।” 

তিনি বলেন, “কখনও কখনও সামরিক ক্ষেত্রে এমন পরিস্থিতির উৎপত্তি হয় যেখানে কূটনীতি অপরিহার্য হয়ে পড়ে। আলোচনা ও দরকষাকষি সংগ্রামের একটি পদ্ধতি, এটি সংগ্রামেরই ধারাবাহিকতা। তাই সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রকে পরস্পরবিরোধী হিসেবে হাজির করা একটি বিভ্রান্তিকর প্রচেষ্টা।”   

আরও পড়ুন: 

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র; লেবাননে লড়াইয়ে লাগাম