২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে দাঙ্গা: প্যারিসে এক মেয়রের বাড়ি ভাংচুরের পর অগ্নিসংযোগ

মেয়রের স্ত্রী মেলানি নোয়াক দুই সন্তানকে নিয়ে পালানোর সময় হামলাকারীরা তাদের দিকে পটকাজাতীয় রকেট ছুড়ে মারে।

ফ্রান্সে দাঙ্গা: প্যারিসে এক মেয়রের বাড়ি ভাংচুরের পর অগ্নিসংযোগ

প্যারিসের লাইলে হোস এলাকার মেয়র ভাসশঁ জনবাহা বাড়ির সামনের রাস্তা ঘিরে রেখেছে পুলিশ। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 05:41 PM

Updated : 02 Jul 2023, 05:41 PM

ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলীর এক মেয়রের বাড়িতে চলন্ত গাড়ি দিয়ে হামলা চালানোর পর তাতে অগ্নিসংযোগ করা হয়।

রোববার স্থানীয় সময় দুপুররাতে এ হামলার সময় লাইলে হোস এলাকার মেয়র ভাসশঁ জনবাহা বাড়িতে ছিলেন না, কিন্তু তার স্ত্রী ও সন্তানরা ছিলেন। এ সময় তারা ঘুমিয়ে ছিলেন বলে মেয়র জনবাহা জানিয়েছেন।

তিনি জানান, হামলায় তার স্ত্রী এবং পাঁচ ও সাত বছর বয়সী দুই সন্তানের মধ্যে একজন আহত হয়েছেন। বাড়িটি ছেড়ে পালানোর সময় তারা আহত হন।

ঘটনার সময় রক্ষণশীল লেহেতি ভিকা পার্টির জনবাহা স্থানীয় টাউন হলে ছিলেন। প্যারিসের আরেক শহরতলী নঁয়েতায় মঙ্গলবার পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী কিশোর নেহাল এম নিহত হওয়ার পর থেকে ফ্রান্সের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। ওই ঘটনার জেরে দাঙ্গা ও সহিংসতা শুরু হওয়ার পর থেকে এই টাউন হলটি পরপর কয়েক রাত হামলার শিকার হয়েছে।

হামলা থেকে রক্ষার জন্য এটিকে এখন কাঁটাতার ও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

নিজের টুইটার একাউন্টে জনবাহা বলেছেন, “রাত দেড়টার দিকে, আগের দুই রাতের মতো আমি টাউন হলেই ছিলাম। এ সময় লোকজন চলন্ত গাড়ি নিয়ে গেইট ভেঙে আমার বাড়িতে ঢুকে পড়ে, তারপর আমার বাড়ি জ্বালিয়ে দিতে আগুন ধরিয়ে দেয়। বাড়িতে তখন আমার স্ত্রী ও দুই শিশু সন্তান ঘুমাচ্ছিল।

“সন্তানদের রক্ষা করার চেষ্টার সময় ও হামলাকারীদের কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় আমার স্ত্রী ও এক সন্তান আঘাত পায়।” 

Image

ঘটনার সময় লাইলে হোস এলাকার মেয়র ভাসশঁ জনবাহা স্থানীয় টাউন হলে ছিলেন, যেটিকে এখন কাঁটাতার ও ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। ছবি: রয়টার্স

স্থানীয় সরকারি আইন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, হত্যা চেষ্টার অভিযোগে একটি তদন্ত শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা যায়নি।

এই কর্মকর্তা জানান, বাড়ির পেছনের উঠোন দিয়ে পালানোর সময় মেয়রের স্ত্রী আহত হন। তার পায়ের মূল হাড় (টিবিয়া) ভেঙে গেছে।

“এটি মোটামুটি গুরুতর আঘাত,” বলেছেন তিনি। তবে মেয়রের দুই সন্তানের অবস্থার বিষয়ে তিনি কিছু জানাননি।

দাঙ্গাকারীরা চলন্ত গাড়ি দিয়ে আঘাত করে গেট ভেঙে ভেতরে ঢুকে। তারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়িটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে।

মেয়রের স্ত্রী মেলানি নোয়াক দুই সন্তানকে নিয়ে পালানোর সময় হামলাকারীরা তাদের দিকে পটকাজাতীয় রকেট ছুড়ে মারে।

মেয়রের বাড়িটি জ্বালিয়ে দিতেই হামলায় ওই গাড়িটি ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু একটা নিচু দেয়ালের কারণে গাড়িটি আর সামনে এগোতে পারেনি। গাড়িটির আঘাতে বাড়ির প্রবেশ পথের গেইট ও মেয়রের পারিবারিক গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রল ভরা কোকাকোলার বোতল উদ্ধার করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্থানীয় আইন কর্মকর্তা।

আরও পড়ুন:

পুরনো খবর:

কিশোরকে গুলি করে হত্যার পর উত্তাল ফ্রান্স: ঠিক কী ঘটেছিল সেদিন
ফ্রান্সে দাঙ্গা, বিশৃঙ্খলা অব্যাহত; নিহত নাহেলের দাফন
ফ্রান্সে দাঙ্গা: হত্যাকাণ্ড, অস্থিরতায় ফুঁসছে নঁতেয়া
ফ্রান্সে দাঙ্গা দমনে মোতায়েন ৪৫ হাজার পুলিশ, সাঁজোয়া যান