ফ্রান্সে দাঙ্গা, বিশৃঙ্খলা অব্যাহত; নিহত নাহেলের দাফন
প্যারিসের উপকণ্ঠে নঁতেয়ায় পুলিশের গুলিতে নিহত ১৭ বছরের কিশোর নাহেল এমের দাফন হয়েছে।
ফ্রান্সে একেবারে কাছ থেকে ছোড়া পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার পর থেকে শুরু হওয়া দাঙ্গা, সহিংসতা, বিশৃঙ্খলা টানা পঞ্চম রাতেও অব্যাহত ছিল। এ দিন দাঙ্গার মূল ঘটনাগুলো ঘটেছে দেশটির বন্দর শহর মার্সেইতে।
প্যারিসের উপকণ্ঠে নঁতেয়ায় পুলিশের গুলিতে নিহত ১৭ বছরের কিশোর নাহেল এমের দাফন শনিবার হয়েছে। তার জানাজায় বহু মানুষ অংশ নিয়েছে।
এ দিন ফ্রান্সের শহরগুলোতে হাজার হাজার পুলিশ মোতায়েন থাকায় আগের দিনগুলোর তুলনায় সহিংসতার তীব্রতা কম ছিল।
বিবিসি জানিয়েছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওগুলোতে দক্ষিণাঞ্চলীয় শহর মার্সেইয়ে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদুনে গ্যাস ব্যবহার করতে দেখা গেছে। এখান থেকে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকায় প্রতিবাদকারীরা বিক্ষোভ করা থেকে বিরত ছিল বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার প্যারিসের শহরতলী নঁতেয়ায় নাহেল নিহত হওয়ার পর থেকেই ফ্রান্সের বহু শহরে বিশৃঙ্খলা চলছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেগাল্ড দাগমানা টুইটে জানান, শনিবার রাতে বিভিন্ন শহর থেকে মোট ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন প্রয়োগকারীদের ‘দৃঢ় পদক্ষেপ’ এর কারণে রাতটি ‘শান্ত’ ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
এ দিন দাঙ্গা মোকাবেলায় ফ্রান্সজুড়ে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন ছিল। শুক্রবার রাতে ১৩০০ জনেরও বেশি এবং বৃহস্পতিবার রাতে ৯০০ জনেরও বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যারাতজুড়ে মার্সেইতে পুলিশের সঙ্গে দাঙ্গাকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। অনলাইনে আসা বিভিন্ন ফুটেজে শহরটিতে পুলিশকে কাঁদুনে গ্যাস ব্যবহার করতে দেখা গেছে। নগরীর প্রাণকেন্দ্র লা ক্যানবিয়া অ্যাভিনিউতে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে, ভিডিওগুলোতে এমনটি দেখা গেছে।
এ এলাকায় দাঙ্গাকারীদের সঙ্গে পুলিশের এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ হয় বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
প্যারিসের পুলিশ জানিয়েছে, তারা ১২৬ জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রাত ৯টা থেকে প্যারিস অঞ্চলে সব বাস ও ট্রাম চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়।
ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোন শৃঙ্খলা বজার রাখার প্রচেষ্টা দেখতে প্যারিসে জাতীয় পুলিশের কমান্ড রুমে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
লিলে, লিঁও, নিস ও স্তাসবুর্গে সহিংসতার ঘটনা ঘটলেও আগের রাতগুলোর তুলনায় তীব্রতা কম ছিল। লিঁও থেকে ২১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে প্যারিসের শহরতলীর এক মসজিদে নাহেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় এক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নাহেলের পরিবারের স্বজন ও অন্যরা সংবাদ মাধ্যমকে আগেই দূরে থাকতে বলেছিল। সব ধরনের ভিডিও, এমনকী ফোনেও, নিষিদ্ধ ছিল। ‘স্ন্যাপচ্যাট বা ইনস্টগ্রাম ব্যবহার করা যাবে না’ বলে দাফনে অংশ নেওয়া লোকজনকে আগেই বলে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
