Published : 07 Jul 2026, 10:24 PM
এক দল সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলেছে সাত দশকের বেশি সময় আগে। আরেক দলের শেষ আটে খেলার একমাত্র অভিজ্ঞতার এক দশক পেরিয়ে গেছে। খরা কাটানোর লক্ষ্যে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও কলম্বিয়া।
ভ্যানকুভারে শেষ ষোলোর ম্যাচটি শুরু হবে ৮ জুলাই ২টায় (এএম)।
এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:
৫
সব মিলিয়ে পঞ্চমবারের মতো মুখোমুখি হচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার এই দুটি দল। আগের চারটির তিনটিই ছিল প্রীতি ম্যাচ। সবশেষ ২০০৭ সালে ৩-১ গোলে জিতেছিল কলম্বিয়া।
প্রতিযোগিতামূলক লড়াইয়ে দল দুটির আগের একমাত্র দেখায় ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে কলম্বিয়া জিতেছিল ২-০ গোলে।
৩
তবে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে নিজেদের সবশেষ তিন ম্যাচে জিততে পারেনি কলম্বিয়া (এক ড্র, দুই হার)। গত মার্চে পরপর দুটি প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ও ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা। আর চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে গোলশূন্য ড্র করে তারা পর্তুগালের সঙ্গে।
৮৮
শেষ বত্রিশে আলজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতে সুইজারল্যান্ড। গত ৮৮ বছরে বিশ্বকাপের নকআউটে তাদের প্রথম জয় এটি।
৩
এবারই প্রথম বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতেছে সুইসরা। দলটির দায়িত্বে বিশ্বকাপে আট ম্যাচের পাঁচটি জিতেছেন মুরাত ইয়াকিন।
১০
প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের সবশেষ ১০ ম্যাচে অপরাজিত আছে সুইজারল্যান্ড (সাত জয়, তিন ড্র)
৭২
দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার হাতছানি সুইজারল্যান্ডের সামনে। সবশেষ ১৯৫৪ সালে ঘরের মাঠের আসরে শেষ আটে খেলেছিল তারা। এর আগে ১৯৩৪ ও ১৯৩৮ সালে এই অভিজ্ঞতা হয় তাদের।
১২
কলম্বিয়ার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলার একমাত্র অভিজ্ঞতা ১২ বছর আগের, ২০১৪ সালের ব্রাজিল আসরে।