১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার

এনভিডিয়ার সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে ডেটা সেন্টারের জন্য জিপিইউ, যার মধ্যে গুরুত্বপূর্ণ তাদের ফ্ল্যাগশিপ ব্ল্যাকওয়েল ও রুবিন চিপ।

আগামী বছর চিপ বিক্রি দ্বিগুণ করার ঘোষণা এনভিডিয়ার

গুগল ডিপমাইন্ড, ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ওই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন হুয়াং। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 04:41 PM

Updated : 19 Sep 2026, 04:41 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের রমরমা বৈশ্বিক বাজার ও বিভিন্ন শিল্পে এর ক্রমাগত চাহিদার কথা মাথায় রেখে আগামী বছর নিজেদের চিপ বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া।

এআই প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে চলমান বিতর্কের মধ্যে কোম্পানিটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, কোনো পণ্যের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটার বাণিজ্যিক বিস্তার না ঘটিয়ে প্রকৌশলগত উন্নয়ন ধরে রাখা উচিত।

বৃহস্পতিবার হুয়াং ঘোষণা দিয়েছেন, আগামী বছর তাদের উৎপাদিত ও বিক্রিত চিপের সংখ্যা দ্বিগুণে নেবে এনভিডিয়া।

কোম্পানিটির এ সর্বশেষ পূর্বাভাস আগামী ছয় প্রান্তিক তাদের বড় প্রবৃদ্ধির ধারা বজায় রাখার জোরালো ইঙ্গিতই দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

এর আগে, কোম্পানিটি বলেছিল, ২০২৮ সালের জানুয়ারিতে শেষ হতে যাওয়া অর্থবছরে তাদের প্রায় ৭০ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, যার আর্থিক আকার ৬৭ হাজার ৩০০ কোটি ডলার।

এ অপ্রত্যাশিত ঘোষণা প্রকাশের পরই বাজার বিশ্লেষকদের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে ওঠে।

স্কটল্যান্ডে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে আলাপকালে হুয়াং বলেছেন, “আমি আশা করি, আমরা এ বছরের তুলনায় আগামী বছর দ্বিগুণ সংখ্যক চিপ বিক্রি করব।

“এর কারণ, বিভিন্ন শিল্প ও অর্থনীতির কল্যাণে এআইয়ের অবদান অনেক এবং আমরা যেখানেই আছি, সেখানকার প্রায় প্রতিটি দেশেই মানুষ এআইয়ে বিনিয়োগ করতে চাইছে।”

এনভিডিয়া তাদের মোট বিক্রিত চিপের সুনির্দিষ্ট কোনো সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না।

কোম্পানিটির সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত পণ্যগুলোর মধ্যে রয়েছে ডেটা সেন্টারের জন্য ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ বা জিপিইউ, যার মধ্যে উল্লেখযোগ্য তাদের ফ্ল্যাগশিপ ব্ল্যাকওয়েল ও রুবিন চিপ।

গেল বছরের শেষভাগে হুয়াং বলেছিলেন, এনভিডিয়া কেবল চার প্রান্তিকে প্রায় ৬০ লাখ ব্ল্যাকওয়েল জিপিইউ সরবরাহ করেছে।

জিপিইউ-এর বাইরেও বিভিন্ন ধরনের উন্নত সেমিকন্ডাক্টর ও প্রসেসর তৈরি করে এনভিডিয়া।

এর মধ্যে রয়েছে ‘সেন্ট্রাল প্রসেসিং’ বা সিপিইউ, সুইচ চিপ, অপটিক্যাল নেটওয়ার্কিংয়ের চিপ, ল্যাপটপের জন্য বিশেষ চিপ, রোবট ও স্বয়ংক্রিয় গাড়ির কাজে ব্যবহৃত জেটসন চিপ ও জনপ্রিয় ‘নিনটেনডো সুইচ ২’ গেইমিং কনসোলের ভেতরে থাকা শক্তিশালী চিপ।

গুগল ডিপমাইন্ড, ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ওই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন হুয়াং।

এআই নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি যুক্তরাজ্য সফর করেছেন, যা নিয়ে তিনি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার নিজের জোরালো মত ব্যক্ত করছেন।

এআই গবেষকরা সতর্ক করে বলেছেন, মানুষ এখন আর সবচেয়ে উন্নত এআইকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম নয়। এ সতর্কবার্তার পর থেকেই মানবতার জন্য এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও উদ্বেগ চরমে পৌঁছেছে।

নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে হুয়াং বলেছেন, “কোনো পণ্য যখন নিরাপদ হয় না, তখন আমাদের উচিত সেটা স্থগিত রেখে কারিগরি উন্নয়ন কাজ চালিয়ে যাওয়া।”