যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীর ছদ্মবেশ ধারণ করেছিল চ্যাটবট
কয়েক সপ্তাহ আগেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এআই প্রযুক্তির অনৈতিক ব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্লগে লিখেছে ওপেনএআই।
চ্যাটজিপিটি’র প্রযুক্তিতে চালিত ‘ডিন ডটবট’ নামের চ্যাটবটের কার্যক্রম বাতিল করেছে ওপেনএআই। চ্যাটবটটি বানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডিন ফিলিপসের নির্বাচনী প্রচারণায় সহায়তার লক্ষ্যে।
‘ডেলফি’ নামের এআই স্টার্টআপ কোম্পানির বানানো এই চ্যাটবট, তাদের মূল শ্লোগান ‘পিএসি উই ডিজার্ভ বেটার’, যা থেকে ইঙ্গিত মেলে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডিন ফিলিপসকে সমর্থন করছে কোম্পানিটি।
তবে, চ্যাটবটটি স্বয়ং নিজেকে কখনোই ফিলিপস হিসেবে দাবি করেনি। আর এর ওয়েবসাইটে প্রবেশ করলে দর্শকরা এমন এক বার্তা দেখতে পান, যেখানে চ্যাটবটটির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে।
তবু, চ্যাটবটের এমন ব্যবহার সরাসরি ওপেরএআইয়ের নীতিমালার বিরুদ্ধে যায় বলে প্রতিবেদেন উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
চ্যাটবট বাতিল করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ওপেনএআইয়ের একজন মুখপাত্র।
এর কয়েক সপ্তাহ আগেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এআই প্রযুক্তির অনৈতিক ব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্লগ পোস্ট প্রকাশ করেছে ওপেনএআই, যেখানে বিশেষভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ‘চ্যাটবটের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের ছদ্মবেশ ধারণের’ বিষয়টিতে।
ব্লগ পোস্টে ওপেনএআই আরও লিখেছে, কোম্পানি ‘রাজনৈতিক প্রচারণা বা লবিয়িংয়ের জন্য অ্যাপ তৈরির অনুমতি দেয় না।’
এর আগে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছিল, চ্যাটবটটির উদ্দেশ্য ছিল, নির্বাচনে সম্ভাব্য সমর্থকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো ও প্রার্থীর বার্তা তাদের কাছে ছড়িয়ে দেওয়া।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রকাশের পর ডেলফি’র চ্যাটবট থেকে চ্যাটজিপিটির প্রযুক্তি সরিয়ে ফেলা হলেও বিকল্প উপায়ে চালু ছিল এটি। পরবর্তীতে ওপেনএআইয়ের হস্তক্ষেপের পর শুক্রবার রাতে এই বটকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা হয়।
কেউ এখন চ্যাটবটের সাইটটিতে প্রবেশ করলে তাকে স্বাগত জানানো হয় এমন এক বার্তার মাধ্যমে, যেখানে লেখা আছে ‘দুঃখিত, ডিনবট এখন প্রচারণার কাজে ব্যস্ত!। আর ‘কারিগরি ত্রুটির’ কারণ দেখিয়ে চ্যাটবটের কাজও বন্ধ রাখা হয়েছে।
এ প্রসঙ্গে ওপেনএআইয়ের মন্তব্য জানতে চেয়েছিল এনগ্যাজেট।
