২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

টেক্সট মেসেজভিত্তিক যাচাইকরণে অর্থ নেবে টুইটার

টুইটার বিভিন্ন ফোন কোম্পানির কাছ থেকে ‘প্রতারিত’ হয়ে আসছিল এবং তারা ‘ভুয়া ২এফএ এসএমএস মেসেজ’ সুবিধার জন্য বছরে ছয় কোটি ডলারের বেশি কাটছিল।

টেক্সট মেসেজভিত্তিক যাচাইকরণে অর্থ নেবে টুইটার

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 01:55 PM

Updated : 21 Feb 2023, 03:48 PM

বিনামূল্যের সেবা গ্রাহকদের জন্য দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটার।

‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ বা ‘২এফএ’ নামে পরিচিত এই ব্যবস্থায় কোনো ব্যক্তি প্ল্যাটফর্মে লগ-ইনের সময় তার পরিচয় দু’বার যাচাই করা হয়। আর এটি তার অনলাইন অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াও সুরক্ষার বাড়তি স্তর যোগ করে।

এর বহুল ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে আছে ব্যবহারকারীকে টেক্সট মেসেজে কোড পাঠানো বা অন্য কোনো যাচাইকরণ ভিত্তিক অ্যাপের ব্যবহার।

তবে গেল শনিবার টুইটারের ‘সাপোর্ট’ অ্যাকাউন্টের এক টুইট বলছে, ২০ মার্চ থেকে কেবল ‘ব্লু’ গ্রাহকরা ‘টেক্সট-মেসেজ অথেন্টিকেশন’ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, সুবিধাটি ব্যবহার করা কয়েকজন ব্যবহারকারী এরইমধ্যে সতর্কবার্তা পেয়েছেন, যেখানে নিজস্ব অ্যাকাউন্টের প্রবেশাধিকার হারানোর ঝুঁকি এড়াতে সময়সীমা পেরোনোর আগেই ব্যবস্থাটি সরাতে বলেছে টুইটার কর্তৃপক্ষ।

টুইটারের মালিক ও প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইট করেন, প্ল্যাটফর্মে যাচাইকরণ অ্যাপগুলো বিনামূল্যেই মিলবে। আর এগুলো তুলনামূলক নিরাপদ।

নতুন সিদ্ধান্তের সমালোচনার জবাবে তিনি বলেন, টুইটার বিভিন্ন ফোন কোম্পানির কাছ থেকে ‘প্রতারিত’ হয়ে আসছিল এবং তারা ‘ভুয়া ২এফএ এসএমএস মেসেজ’ সুবিধার জন্য বছরে ছয় কোটি ডলারের বেশি কাটছিল।

টুইটার ব্লগ পোস্টে লিখেছে, এই পদ্ধতির অপব্যবহার করেছে ‘বাজে ব্যবস্থা’।

“আমরা ‘ব্লু’ গ্রাহক সেবার বাইরে থাকা ব্যবহাকারীদের এর পরিবর্তে কোনো যাচাইকরণ অ্যাপ বা ‘সিকিউরিটি-কি’ ব্যবহারের পরামর্শ দিচ্ছি।”

“এইসব পদ্ধতির মাধ্যমে যাচাইকরণ প্রক্রিয়া পরিচালনার জন্য আপনার শারীরিক অংশ থাকা প্রয়োজন। আর এটি আপনার অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করার ভালো এক উপায়।”

নতুন এই পদক্ষেপ নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ র‌্যাচেল টোবাক টুইট করেন, এই পদক্ষেপ ‘উদ্বেগজনক’। পাশাপাশি, তিনি ২০২২ সালের জুলাইয়ে টুইটারের এক প্রতিবেদনের উদ্ধৃতি দেন। এতে দেখা যায়, ২০২১ সালের জুলাই থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় কেবল দুই দশমিক ছয় শতাংশ ব্যবহারকারী এই সুবিধা চালু করেছেন।

তবে তাদের মধ্যে:

  • ৭৪ দশমিক চার শতাংশ টেক্সট-মেসেজ প্রক্রিয়া ব্যবহার করেন।

  • ২৮ দশমিক নয় শতাংশ অথেনটিকর অ্যাপ ব্যবহার করেন।

“নিরাপত্তা নিয়ে কাজ করা আমরা সকলেই চাই ব্যবহারকারীরা যেন নিজস্ব অ্যাকাউন্ট সুরক্ষায় ভালো একটি ব্যবস্থা (‘মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন’) ব্যবহার করেন।” --টুইট করেন টোবাক।

“তবে, আর্থিক ফি দেননি এমন কারণ দেখিয়ে এরইমধ্যে ‘এসএমএস ২এফএ’ ব্যবস্থায় সাইন আপ করা ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে দেওয়া, তাদের কেবল ঝুঁকিতেই ফেলবে।”

বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, যাচাইকরণ অ্যাপের চেয়ে এসএমএস ২এফএ তুলনামূলক কম নিরাপদ হতে পারে।

ইউনিভার্সিটি অফ সারে’র অধ্যাপক অ্যালেন উডওয়ার্ড বলেন, ব্যবহারে সহজ বলে এটি জনপ্রিয়ই থেকে গেছে।

“আমি চাই, লোকজন একে বারে কিছুই না ব্যবহারের পরিবর্তে বরং কিছু একটা ব্যবহার করুক। তুলনামূলক কম প্রযুক্তি ব্যবহার করা ব্যক্তিরা হয়তো এটাই পছন্দ করেন।” --বিবিসিকে বলেন তিনি।

“ইলন মাস্ক যে ব্যবসার খরচ কমানোর চেষ্টা করছেন, তাতে আমি সহানুভূতি জানাই। তবে, এতোজন ব্যবহারকারীকে ২এফএ ব্যবহারে নিরুৎসাহিত করার পথ বেছে নেওয়া, একটি ‘ভয়ঙ্কর অদূরদর্শী মিথ্যা অর্থনীতি’ বলে মনে হয়।”