১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কনটেন্ট নির্মাতাদের জন্য এআইয়ের এই সময় ‘ভয়ের’: মিস্টার বিস্ট

গত কয়েক বছরে বিভিন্ন এআই টুল এতটাই উন্নত হয়েছে যে, এরা এখন কেবল সাধারণ এক নির্দেশনা বা প্রম্পট দিয়েই পুরোপুরি তৈরি করা ভিডিও বানিয়ে ফেলতে পারে।

কনটেন্ট নির্মাতাদের জন্য এআইয়ের এই সময় ‘ভয়ের’: মিস্টার বিস্ট
“এআই দিয়ে বানানো বিভিন্ন ভিডিও যখন মানুষের তৈরি ভিডিওর মতোই ভালো হবে তখন আমাদের মতো মানুষদের কী হবে?” ছবি: মিস্টারবিস্টের ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 10:37 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এই সময়ে ইউটিউবে যারা কনটেন্ট তৈরি করে জীবিকা নির্বাহ করছেন তাদের জন্য ‘ভয়ের’ বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট।

তিনি বলেছেন, জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্রুত অগ্রগতি ‘লাখ লাখ ইউটিউব নির্মাতা যারা বর্তমানে জীবিকা নির্বাহের জন্য প্লাটফর্মটিতে কনটেন্ট তৈরি করছেন’ তাদের জন্য ‘ভয়ের বিষয়’।

গত কয়েক বছরে বিভিন্ন এআই টুল এতটাই উন্নত হয়েছে যে, এরা এখন কেবল সাধারণ এক নির্দেশনা বা প্রম্পট দিয়েই পুরোপুরি ভিডিও বানিয়ে ফেলতে পারে।

সবচেয়ে নতুন এই এআই টুলের নাম ‘সোরা’, যা গত সপ্তাহে উন্মোচন করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। টুলটি দিয়ে খুব সহজেই কপিরাইটওয়ালা চরিত্র ও কনটেন্ট নকল করা যায়। ফলে এটি নিয়ে এরইমধ্যে সমালোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস্টারবিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন প্রশ্ন করেছেন, “এআই দিয়ে বানানো বিভিন্ন ভিডিও যখন মানুষের তৈরি ভিডিওর মতোই ভালো হবে তখন আমাদের মতো মানুষদের কী হবে?”

এআই ভবিষ্যতে চাকরির বাজারে কী প্রভাব ফেলবে তা নিয়ে ভয় অনেকের মধ্যেই রয়েছে। তবে এই ভয় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সৃজনশীল পেশাগুলোতে।

এআই ব্যবহারের বিরুদ্ধে আন্দোলন, ধর্মঘট ও প্রতিবাদ করেছেন চলচ্চিত্র ও গেইম শিল্পের অনেক কর্মী।

ইউটিউব এখন কনটেন্ট নির্মাতাদের জন্য জেনারেটিভ এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে, যার মধ্যে রয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগলের ‘ভিও’ টুল দিয়ে ভিডিও তৈরির সুবিধা।

এখন এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরি বা স্ক্রিপ্টও ভালোভাবে এডিট করা যায়।

‘নটিংহ্যাম ট্রেন্ট ইউনিভার্সিটি’র ডিজাইন ও ইনোভেশন বিভাগের অধ্যাপক লার্স এরিক হোলমকুয়েস্ট বলেছেন, কিছু ইউটিউব ভিডিও এখন পুরোপুরি এআই দিয়ে তৈরি। যেমন– কিছু দীর্ঘ ভিডিও, যা মানুষ ঘুমানোর সময় চালিয়ে রাখেন, সেগুলো অনেক সময়ই এআই দিয়ে তৈরি হয়।

“এআইকে আমরা যখন হাতিয়ার হিসেবে দেখি তখন এর মূল ধারা হচ্ছে, এটি সৃজনশীলতাকে অনেকটাই সস্তা করে তোলে।”

তবে মিস্টারবিস্টের মতো বড় ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের এআইয়ের মাধ্যমে সহজেই বদলে ফেলা সম্ভব নয় বলে ধারণা হোলমকুয়েস্টের।

তিনি বলেছেন, “মিস্টারবিস্টের বিভিন্ন ভিডিও এত জনপ্রিয় কারণ সেখানে মানুষদের কঠিন বা ঝুঁকিপূর্ণ নানা কাজ বাস্তবে করতে দেখা যায়। এমন যদি এআইয়ের মাধ্যমে তৈরি হত তাহলে এসব কেউ দেখত না।”