Published : 09 Oct 2016, 06:11 PM
নানা বিতর্কের মুখে আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস থেকে ৩.৫ এমএম হেডফোনজ্যাক বাদ দিয়ে দেয় মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। হেডফোন জ্যাক বাদ দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "নতুন কিছু করার সাহস" থেকেই এটি বাদ দেওয়া হয়েছে।
হেডফোন জ্যাক বাদ দিলেও লাইটনিং পোর্ট দিয়েই হেডফোন সংযুক্ত করা যাবে নতুন আইফোন। আর ৩.৫ এমএম হেডফোন জ্যাক ব্যবহারকারীদের জন্য আইফোনের সঙ্গে একটি কনভার্টারও দিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও তারবিহীন 'এয়ারপডস' ও উন্মোচন করেছে অ্যাপল।
আইফোন ৭ এবং ৭ প্লাসের জন্য তৃতীয় পক্ষ হিসেবে জেবিএল-ই প্রথম "রিফ্লেক্ট অ্যাওয়ার" নামে হেডফোন এনেছে। নয়েজ ক্যান্সেলিং এই হেডফোনটি আইফোনের লাইটনিং কানেক্টর দিয়ে সংযুক্ত করা যাবে, জানিয়েছে সিনেট।
হেডফোনটি তৈরির মান ভালো হলেও এটি 'বোস'-এর তৈরি নয়েজ ক্যান্সেলিং হেডফোনের মত নয় বলে জানানো হয়েছে। হেডফোনটিতে মিউজিক নিয়ন্ত্রণ এবং ভলিউম বাড়ানো কমানোর জন্য রিমোট বাটন রাখা হয়েছে। আর নয়েজ ক্যান্সেলের জন্য রাখা হয়েছে আলাদা বাটন।
'রিফ্লেক্ট অ্যাওয়ার' হেডফোনটির ব্যতিক্রমী ফিচার হিসেবে বলা হচ্ছে অ্যাপের মাধ্যমে আশপাশের শোরগোল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে। অর্থাৎ কেউ দৌড়ানো বা বাইক চালানোর সময় যাতে আশপাশের শব্দ শুনতে পান সেই ব্যবস্থা রাখা হয়েছে হেডফোনটিতে।
হেডফোনটির মূল্য ধারণ করা হয়েছে ২০০ মার্কিন ডলার। আর ইউএসবি সি পোর্টযুক্ত স্মার্টফোনের জন্য 'রিফ্লেক্ট অ্যাওয়ার সি' নামে হেডফোনটির আরেকটি সংস্করণ এনেছে জেবিএল।