০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অনলাইন ঋণ ব্যবসায় চরম মন্দা

নীতিবহির্ভূত কার্যকলাপ ও বাড়তি কড়াকড়ির মুখে চরম ব্যবসায়িক মন্দার মুখে আছে অনলাইন ঋণ ব্যবসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আহমেদ ইফতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2016, 01:36 AM

Updated : 12 Apr 2022, 02:34 AM

ভেনচার ক্যাপিটাল ডেটাবেইজ 'পিচবুক ডেটা’-এর শুক্রবারের প্রতিবেদনের বরাতে রয়টার্স জানায়, অনলাইনে ঋণ ব্যবসায় ইকুইটি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের হার লক্ষণীয় মাত্রায় হ্রাস পেয়েছে। গত বছরের শেষ অর্ধাংশের ৩৮০ কোটি ডলার থেকে এ বছরের প্রথম অর্ধাংশে তা ২১০ কোটিতে নেমে এসেছে।

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে লেন্ডিং ক্লাবের ঋণ ব্যবসায় গড়বড় ধরা পড়া এবং তাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগের ঘোষণা এ মন্দায় বড় অবদান রেখেছে বলে জানায় রয়টার্স।

পিচবুক বিশ্লেষক ইভান মরিস জানান, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম এমন অনলাইন ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম অর্থ সংগ্রহ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর গত দুই বছরে তোলা বার্ষিক দশ কোটিরও বেশি ডলারের বিপরীতে এ বছর উদ্যোক্তা প্রতিষ্ঠান পেঅফ-এর জন্য তোলা চার কোটি ৬৮ লাখ ডলারই এখন পর্যন্ত সর্বোচ্চ।

রয়টার্স জানায়, ২০১৪ সালের আগের যে কোনো সময়ের চেয়ে এক্ষেত্রে এখনও পর্যন্ত বিনিয়োগের পরিমাণ বেশি থাকলেও বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমশই পড়তির মুখে। গত বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে এ পর্যন্ত এ বছরের দ্বিতীয় প্রান্তিকেই বিনিয়োগের পরিমাণ সবচেয়ে কম। এমনকি সমগ্র প্রযুক্তিক্ষেত্রে যেকোনো ধরনের চুক্তির তুলনায়ই বেশি ঝিমিয়ে পড়েছে অনলাইন ঋণে বিনিয়োগ। থমসন রয়টার্স-এর দেওয়া তথ্য মতে, এ বছরের প্রথম অর্ধাংশে ভেনচার নির্ভর প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ গত দুই প্রান্তিকের তুলনায় তিন শতাংশ পড়ে গেছে।

পিচবুক জানায়, ২০১১ সাল থেকে এ পর্যন্ত অনলাইন ঋণদাতা উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো ৪৬৩টি চুক্তির মাধ্যমে ১২৬ কোটি ডলার অর্থ তুলেছে। ২০১৫ সালে এ ক্ষেত্রে ১৩২টি চুক্তির মধ্য দিয়ে সর্বোচ্চ ৫২০ কোটি ডলার বিনিয়োগ হয়। তবে ঋণের হার ও গ্রহীতা সংখ্যা কমে যাওয়ায় হাঁসফাস খাচ্ছে অনেক প্রতিষ্ঠানই। ঋণের পরিমাণ বাড়াতে কিছু প্লাটফর্ম লেন্ডিং স্ট্যান্ডার্ড কমিয়ে আনার পরও তা খুব একটা অর্থবহ হচ্ছে না।

এ প্রতিবেদনে এ ক্ষেত্রটিতে আসন্ন আরও কিছু ঝুঁকির প্রসঙ্গ এনে বলা হয়, "অ্যাভান্ট, লেন্ডিং ক্লাব, কমনবন্ড এবং প্রসপার সহ আরও কিছু নেতৃস্থানীয় ঋণদাতা প্রতিষ্ঠানে যেমন পড়তি দেখা গেছে, প্লাটফর্মগুলোরও সম্ভবত এক্ষেত্রে মন্দা মেনে নিয়েই বাড়তি ইকুইটি যোগ করে নিতে হবে।"