নড়াইলে নাশকতার মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার
পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাশকতার দুটি মামলা রয়েছে।
নড়াইলে নাশকতার মামলায় নিষিদ্ধ জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের আদালত সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু।
গ্রেপ্তার গাউসুল আজম মাসুম ওরফে ভিপি মাসুম (৫০) নড়াইল জেলা যুবলীগের সভাপতি। তিনি শহরের ভওয়াখালী এলাকার মশিউল আযমের ছেলে।
অজয় কুমার কুন্ডু বলেন, ভিপি মাসুমের বিরুদ্ধে নাশকতার দুটি মামলা রয়েছে। দুই মামলার এজাহারেই তার নাম রয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারের পর তাকে সদর থানায় নেওয়া হয়েছে। থানার আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।
