১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও কয়েক বছর স্মার্টফোন বানাতে চায় সনি

সনির আসন্ন প্রিমিয়াম সংস্করণের ডিভাইসগুলোর পাশাপাশি কোম্পানির মাঝারি ও উচ্চমূল্যের স্মার্টফোনেও ব্যবহৃত হবে কোয়ালকমের চিপসেট।

আরও কয়েক বছর স্মার্টফোন বানাতে চায় সনি

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 12:24 PM

Updated : 24 Jun 2023, 12:24 PM

ব্যবহারকারী যখন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তখন নিশ্চিতভাবেই তাদের প্রথম পছন্দ হিসেবে সনির নাম উচ্চারিত হয় না। অন্যদিকে, অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, গুগল ও শাওমির স্মার্টফোন এখন চাহিদার তুঙ্গে।

এর পরও ‘অন্তত আরও কয়েক বছর’ স্মার্টফোন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জাপানের এই প্রযুক্তি জায়ান্ট।

নিজেদের হ্যান্ডসেটে ‘স্ন্যাপড্রাগন’ চিপ ব্যবহারের লক্ষ্যে মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকমের সঙ্গে কয়েক বছরের চুক্তি করেছে সনি। এটি দুই পক্ষের মধ্যে চলতি চুক্তিরই অংশ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

সনির আসন্ন প্রিমিয়াম সংস্করণের ডিভাইসগুলোর পাশাপাশি কোম্পানির মাঝারি ও উচ্চমূল্যের স্মার্টফোনেও ব্যবহৃত হবে কোয়ালকমের চিপসেট।

গত মাসেই ‘এক্সপিরিয়া ওয়ান ভি’ নামের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে সনি। এতে ব্যবহৃত হয়েছে দ্বিতীয় প্রজন্মের ‘স্ন্যাপড্রাগন ৮ মোবাইল প্ল্যাটফর্ম’। আর আলোকচিত্রী ও ভ্লগারদের কথা বিশেষ বিবেচনায় রেখে তৈরি এটি। তবে, এগুলো তুলনামূলক ‘বিশেষ ব্যবহারের’ ঘটনা হিসেবে বিবেচিত।

সনি অবশ্য নিজস্ব ক্যামেরা প্রযুক্তি এতে কাজে লাগিয়েছে। এর মাধ্যমে তারা উন্নতমানের ছবি ও ভিডিও ধারণের সুবিধাকে বাজির ঘোড়া বানিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।

উদাহরণ হিসেবে ধরা যায়, ‘এক্সপিরিয়া ওয়ান ভি’ স্মার্টফোনটি সনির আলফা সিরিজের ক্যামেরার মনিটর হিসেবেও ব্যবহার করা যাবে। তবে, উচ্চক্ষমতার এক্সপিরিয়া স্মার্টফোনের জন্য দামও কড়া হাঁকছে সনি। ‘ওয়ান ভি’র দাম শুরু এক হাজার চারশ ডলার থেকে।

মে মাসে মধ্যমানের ‘এক্সপিরিয়া টেন ভি’ স্মার্টফোনের প্রথম ঝলকও দেখিয়েছে কোম্পানিটি। এতে রয়েছে ‘স্ন্যাপড্রাগন ৬৯৫’ চিপ এবং ৬০ হার্টজ ও ১০৮০ পিক্সেলের ‘ওলেড’ ডিসপ্লে। এই মাস থেকে ইউরোপে সনি এই ফোন বিক্রি শুরু করেছে। এর দাম প্রায় পাঁচশ ডলার।