১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবার ফোনের ইয়ারবাডেও আসছে চ্যাটজিপিটি

ব্যবহারকারীরা কোম্পানির ইয়ারবাড দিয়েই চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। এতে ডিজিটাল সহায়ক হিসেবে চ্যাটজিপিটি কাজ করবে।

এবার ফোনের ইয়ারবাডেও আসছে চ্যাটজিপিটি

ছবি: নাথিং

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2024, 12:31 PM

Updated : 19 Apr 2024, 12:31 PM

এবার নিজস্ব স্মার্টফোন ও ইয়ারবাডে চ্যাটজিপিটি’র প্রযুক্তি আরও ঘনিষ্ঠভাবে যোগ করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ ফোন নির্মাতা ‘নাথিং’।

এ পদক্ষেপ কোম্পানিটির গ্রাহক সেবায় দ্রুত প্রবেশের সুযোগ দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

“নতুন এ সুবিধার মাধ্যমে নাথিং অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ও চ্যাটজিপিটি ইনস্টল করা নাথিং ফোনে ‘পিঞ্চ-টু-স্পিক’-এর সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যার মাধ্যমে নাথিংয়ের ইয়ারবাড থেকেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই টুলটির সঙ্গে কথোপকথন চালানো যাবে,” এক ব্লগ পোস্টে লিখেছে কোম্পানিটি।

নতুন নাথিং ‘ইয়ার’ ও ‘ইয়ার(এ)’ উভয় মডেলেই এ সুবিধা মিলবে।

কোম্পানিটির মুখপাত্র জেন এনহো ভার্জকে পাঠানো এক ইমেইল বার্তায় বলেছেন, “১৮ এপ্রিল থেকে ‘ফোন ২’ এবং আসন্ন সপ্তাহগুলোয় ‘ফোন ১’ ও ‘ফোন ২এ’তেও আসবে এ সুবিধা।”

একবার এর আপডেট চলে এলে ব্যবহারকারীরা কোম্পানির ইয়ারবাড দিয়েই চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন, যেখানে নাথিং বাডসের জন্য নিজের পছন্দের ডিজিটাল সহায়ক হিসেবে চ্যাটজিপিটিকে বাছাই করতে পারবেন ব্যবহারকারী।

এদিকে, সুবিধাটি কতোটা মসৃণভাবে কাজ করবে, তা জানা এখনও বাকি।

তবে কোম্পানির পরিকল্পনা এখানেই থেমে নেই। তাদের ব্লগ পোস্ট অনুসারে, “স্মার্টফোন ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার বিষয়টি নিয়ে কাজ করছে নাথিং, যেখানে নাথিং ওএস-এর সঙ্গে সমন্বিত করা হবে চ্যাটজিপিটিকে। এর মধ্যে রয়েছে নাথিং ধাঁচের বিভিন্ন উইজেট ও স্ক্রিনশট শেয়ারিংয়ের বিষয়টিও।”