১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তার কারণে পিছিয়ে গেল বোয়িংয়ের মহাকাশ যাত্রা

নভোচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস এরইমধ্যেই স্টারলাইনারের ভিতরে অবস্থান করছিলেন। ঠিক সে সময়ে ‘অক্সিজেন রিলিফ ভালভের’ সম্ভাব্য সমস্যার কারণে থামার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরাপত্তার কারণে পিছিয়ে গেল বোয়িংয়ের মহাকাশ যাত্রা
ছবি: নাসা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 06:50 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

নিরাপত্তা পরীক্ষা করার জন্য স্থগিত করা হয়েছে নভোচারীসহ উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের প্রথম মহাকাশ যাত্রা।

উৎক্ষেপণের দুই ঘন্টা আগে স্টারলাইনার মহাকাশযানটির যাত্রা স্থগিত করা হয় বলে জানিয়েছেন নাসা কর্মকর্তারা।

নভোচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস এরইমধ্যেই স্টারলাইনারের ভেতরে অবস্থান করছিলেন। ঠিক সে সময়ে ‘অক্সিজেন রিলিফ ভালভের’ সম্ভাব্য সমস্যার কারণে স্থগিতের সিদ্ধান্ত আসে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপিত হয়ে মহাকাশযানটির আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার কথা ছিল।

শীঘ্রই ফের উৎক্ষেপণের চেষ্টা করা হবে; আর সেটি শুক্রবারও হতে পারে বলে সোশাল মিডিয়ায় এক পোস্টে বলেছে বোয়িং।

স্টারলাইনারের তৈরি ও উন্নয়নে নানা চ্যালেঞ্জের কারণে এ মিশনে আগে থেকেই কয়েক বছর দেরি হয়েছে বলে উল্লেখ করেছে বিবিসি।

“আজ রাতে উৎক্ষেপণের চেষ্টা থেকে সরে এসেছি।” – টুইট করেছেন নাসা প্রধান বিল নেলসন।

“আমি আগেও বলেছি, নাসার প্রথম অগ্রাধিকার নিরাপত্তা। আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েই মিশনে যাই।”

মিশনটি সফল হলে ইলন মাস্কের স্পেসএক্সের পাশাপাশি আইএসএস থেকে ক্রু পরিবহন সরবরাহ করা দ্বিতীয় বেসরকারি কোম্পানি হওয়ার সম্ভাবনা রয়েছে বোয়িংয়ের।

মাস্কের কোম্পানি ২০২০ সালে তাদের ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে প্রথম এ কৃতিত্ব অর্জন করে। রাশিয়ান মহাকাশযানের ওপর, প্রায় এক দশকের মার্কিন নির্ভরতার অবসান হয়েছিল ওই উৎক্ষেপণের মাধ্যমে।

২০১৫ সালে স্টারলাইনারের প্রথম মানবহীন পরীক্ষামূলক উড্ডয়ন হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে যায় ২০১৯ পর্যন্ত। শেষ পর্যন্ত যখন পরীক্ষামূলক উড্ডয়ন হয়, অভ্যন্তরীণ ‘ক্লক ম্যালফাংশন’-এর কারণে যানটির থ্রাস্টারে ‘ওভার-ফায়ারিং’ হয়। ফলে, এত বেশি জ্বালানি খরচ হয়েছিল যে নভোযানটি মহাকাশ স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারেনি।

২০২১ সালের আগস্টে দ্বিতীয় প্রচেষ্টার পরিকল্পনা করা হয়, কিন্তু এটি আবারও পিছিয়ে যায় ২০২২ সালের মে পর্যন্ত । অবশেষে যখন স্টারলাইনার তার মিশন শেষ করতে পেরেছিল তখনও ‘থ্রাস্টার’ ও ‘কুলিং সিস্টেমের’ কার্যকারিতা নিয়ে উদ্বেগ ছিল বলে লিখেছে বিবিসি।