২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অস্ট্রেলিয়াতেও টিকটক নিষিদ্ধ হল সরকারি ডিভাইসে

টিকটক বলেছে, তারা অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে হতাশ। একে ‘যুক্তি নয়, বরং রাজনীতির মাধ্যমে পরিচালিত’ বলে আখ্যা দিয়েছে কোম্পানিটি।

এবার অস্ট্রেলিয়াতেও টিকটক নিষিদ্ধ হল সরকারি ডিভাইসে

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 08:06 PM

Updated : 04 Apr 2023, 08:06 PM

নিরাপত্তার কারণ দেখিয়ে এবার সরকারি ডিভাইসগুলোতে টিকটক নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। ফলে, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মার্কিন মিত্রদের তালিকায় সর্বশেষ নাম হিসেবে যুক্ত হয়েছে দেশটি।

পশ্চিমাদের স্বার্থ ক্ষুন্ন করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারকারীর ডেটা হাতিয়ে নিতে বাইটড্যান্স মালিকানাধীন এই বেইজিং ভিত্তিক কোম্পানিকে চীন ব্যবহার করতে পারে, এমন শঙ্কা বাড়ার মধ্যেই এই নিষেধাজ্ঞা এলো।

আর এতে অস্ট্রেলিয়া ও তাদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ফের শুরু হওয়ার ঝুঁকির কথা প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। ২০২২ সালের মে মাসে অস্ট্রেলিয়া লেবার পার্টি প্রধান অ্যান্থনি আলবানিস প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সেটি কিছুটা শিথিল হয়েছিল।

টিকটক বলেছে, তারা অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে হতাশ। একে ‘যুক্তি নয়, বরং রাজনীতির মাধ্যমে পরিচালিত’ বলে আখ্যা দিয়েছে কোম্পানিটি।

দেশটির অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেইফাস এক বিবৃতিতে বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তিনি আরও যোগ করেন, বিভিন্ন ঘটনার ভিত্তিতে ও সঠিক জায়গায় প্রয়োজনীয় নিরাপত্তা পরিমাপক ব্যবস্থা থাকলেই কেবল এর থেকে অব্যাহতি মিলবে।

অস্ট্রেলিয়ার এই নিষেধাজ্ঞার পর, ‘ফাইভ আইস’ নামে পরিচিত জোটে সদস্যভুক্ত পাঁচ দেশের সবকটির সরকারি ডিভাইসেই অ্যাপটি নিষিদ্ধ হলো। এই ইন্টেলিজেন্স শেয়ারিং নেটওয়ার্কের সদস্যভুক্ত দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও নিউ জিল্যান্ড। একই ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম ও ইউরোপীয় কমিশনও।

আরও পড়ুন

পুরনো খবর:

মার্কিন কংগ্রেসে টিকটক সিইও: গুরুত্বপূর্ণ ৫ বিষয়
অ্যাপ কখনওই মার্কিন ডেটা চীন সরকারকে দেয়নি: টিকটক সিইও
যুক্তরাজ্যে এবার দাপ্তরিক ডিভাইসেও নিষিদ্ধ হচ্ছে টিকটক
টিকটক বিক্রি: বাইটড্যান্সের ওপর চাপ বাড়াচ্ছে মার্কিন সরকার
ফ্রান্সে সরকারি ফোনে ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, নেটফ্লিক্স বারণ

গত মাসে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে অ্যাপটির চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি ক্রমাগত নাকচ করেন টিকটক সিইও শউ জি চিউ।

টিকটকের অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড অংশের মহাব্যবস্থাপক লি হান্টার বলেন, অ্যাপটিকে একক লক্ষ্যবস্তু বানানো উচিৎ নয়।

“টিকটক অস্ট্রেলীয়দের নিরাপত্তার জন্য ঝুঁকি, এমন কোনো প্রমাণই মেলেনি। আর অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মের সঙ্গেও এমন আচরণ করা উচিৎ নয়।” --এক বিবৃতিতে বলেন হান্টার।

সোমবারের শেষে স্থানীয় সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে উঠে আসে, দেশটির স্বরাষ্ট্র বিভাগের পর্যালোচনার পর এই নিষেধাজ্ঞায় রাজী হন আলবানিস।

ড্রেইফাস নিশ্চিত করেন, দেশটির ফেডারেল সরকার সম্প্রতি ‘রিভিউ ইনটু ফরেইন ইন্টারফিয়ারেন্স থ্রু সোশাল মিডিয়া অ্যাপ্লিকেশন’ শিরোনামে এক প্রতিবেদন হাতে পেয়েছে। আর এর বিভিন্ন সুপারিশ বিবেচনাধীন পর্যায়ে রয়েছে।

ব্যবসায়ীক আলাপ ‘ভালোই যাচ্ছে’

বিশ্ব বাণিজ্য সংস্থা অস্ট্রেলিয়ার বার্লি শুল্ক সংশ্লিষ্ট এক অভিযোগের ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়ার মধ্যেই নিজেদের বাণিজ্য স্বাভাবিক করার লক্ষ্যে বেইজিংয়ে আলোচনায় বসেন অস্ট্রেলীয় ও চীনা কর্মকর্তারা। আর এই দিনেই নিষেধাজ্ঞাটি এলো।

“সবকিছু ঠিক মতোই চলছে। তবে, এই জাহাজ ঘুরাতে নিশ্চিতভাবেই কিছুটা সময় লাগবে।” --দেশ দুটোর বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে স্কাই নিউজকে বলেন অস্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রী ডন ফ্যারেল।

২০১৮ সালে নিজেদের ৫জি নেটওয়ার্ক চালুর সময় চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ের বিভিন্ন সরঞ্জাম সরবরাহ নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া, যা চীনকে তাতিয়ে তোলে। এই সম্পর্ক আরও অবনতির দিকে যেতে থাকে, যখন কোভিড মহামারীর উৎপত্তিস্থল নিয়ে স্বতন্ত্র তদন্তের আহ্বান জানায় ক্যানবেরা।

এর প্রতিক্রিয়ায় বিভিন্ন অস্ট্রেলীয় পণ্যে শুল্ক আরোপ করে চীন।

অস্ট্রেলিয়ার আইনপ্রণেতারা এখনও নিজেদের ব্যক্তিগত ফোনে টিকটক ব্যবহার করতে পারলেও ফেডারেল সরকারি সেবা বিষয়ক মন্ত্রী বিল শর্টেন ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের প্রিমিয়ার হিসেবে দায়িত্ব পালন করা ড্যানিয়েল অ্যান্ড্রুস নিজেদের টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি ডিভাইসগুলোতেও অ্যাপটি নিষিদ্ধ হবে বলে রয়টার্সকে জানান এক সরকারি মুখপাত্র।

প্ল্যাটফর্মে চীনা প্রভাবের বিষয়টি নিয়ে বাড়তি চাপে থাকা টিকটক শিশুদের ওপর অ্যাপের প্রভাব নিয়েও সমালোচনার মুখে পড়েছে।

টিকটক বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দাবি যুক্তরাষ্ট্রে অ্যাপটি সামগ্রিকভাবে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি এড়াতে কোম্পানিটিকে চীনা মালিকানার অংশ বিক্রি করতে হবে।