২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি অ্যাকাউন্টে ‘জঙ্গি’ ট্যাগ, ক্ষমা প্রার্থনা মেটার

ইসরায়েল-গাজা সংঘাত চলাকালীন ফিলিস্তিনের সমর্থন জানানো কনটেন্টের ‘লাগাম টেনে ধরার’ অভিযোগও উঠেছে ইনস্টাগ্রামের বিরুদ্ধে।

ফিলিস্তিনি অ্যাকাউন্টে ‘জঙ্গি’ ট্যাগ, ক্ষমা প্রার্থনা মেটার

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 04:04 PM

Updated : 21 Oct 2023, 05:00 PM

ইনস্টাগ্রামে ফিলিস্তিনি হিসেবে পরিচয় দেওয়া কয়েকটি অ্যাকাউন্টের বায়োতে ‘জঙ্গি’ শব্দ যোগ করায় ক্ষমা চেয়েছে অ্যাপটির মালিক কোম্পানি মেটা।

মেটা বলছে, কোম্পানির কিছু পণ্যে ‘আপত্তিকর আরবি অনুবাদ’ দেখা গেছে, যেটির সমাধান করেছে তারা।

“আমরা এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত।” --বিবিসিকে বলেছে মেটা।

এ ছাড়া, ইসরায়েল-গাজা সংঘাত চলাকালীন ফিলিস্তিনের সমর্থন জানানো কনটেন্টের ‘লাগাম টেনে ধরার’ অভিযোগও উঠেছে ইনস্টাগ্রামের বিরুদ্ধে।

কয়েকজন ব্যবহারকারী বলছেন, তারা ইনস্টাগ্রামে ফিলিস্তিনের সমর্থনে পোস্ট করায় তাদেরকে ‘প্রতীকী নিষেধাজ্ঞা’ দেওয়া হয়েছে। এর মানে, তাদের পোস্ট যেন অন্যান্য ব্যবহারকারীর ফিডে না দেখা যায়, সে বিষয়টি নিশ্চিত করেছে সামাজিক মাধ্যমটি।

ব্যবহারকারীদের অভিযোগ, ‘স্টোরিজ’ ফিচারে সংঘাত নিয়ে করা ২৪ ঘণ্টার পোস্টে অন্যান্য পোস্টের তুলনায় কম ভিউ এসেছে। আর তাদের অ্যাকাউন্টও সহজে সার্চ করে খুঁজে পাওয়া যায়না।

স্টোরিজ ফিচারে এই ‘বাগ’ থাকার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোম্পানির কোনো হাত ছিল না বলে জানিয়েছে মেটা।

বায়োগ্রাফি বিভ্রাট

রোববার টিকটক ও এর আগে টুইটার নামে পরিচিতি পাওয়া সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেন ‘@khanman1996’ নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। ওই আলোচিত পোস্টে অনুবাদ বিষয়ক ত্রুটির স্ক্রিন রেকর্ডিংও প্রকাশ করেন তিনি।

তিনি নিজের বায়োতে লিখেছিলেন, তিনি একজন ফিলিস্তিনপন্থী। এর সঙ্গে ফিলিস্তিনের পতাকা ও আরবি ভাষায় ‘আলহামদুলিল্লাহ’ শব্দটি লেখা ছিল। এর সত্যিকারের ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় ‘প্রেইজ বি টু গড’।

তবে, প্ল্যাটফর্মের ‘সি ট্রান্সলেশন’ অপশনে ক্লিক করার পর শব্দটির ইংরেজি অনুবাদ হিসেবে দেখা যায় ‘প্রেইজ বি টু গড, প্যালেস্টেনিয়ান টেরোরিস্টস আর ফাইটিং ফর দেয়ার ফ্রিডম’।

@khanman1996 পোস্টে বলেন, তিনি নিজে ফিলিস্তিনের নাগরিক না হলেও এক ফিলিস্তিনি বন্ধুর অনুরোধে এই ত্রুটির বিষয়টি পরীক্ষা করে দেখেন তিনি।

ইনস্টাগ্রামের ত্রুটি সমাধানের পর এক ভিডিও পোস্টে তিনি বলেন, এই ভুল তথ্য অন্তত তিন ঘণ্টা অনলাইনে দেখা গেছে। তিনি আরও বলেন, “এমন তথ্য যে অনলাইনে ছিল সেটাই তো জঘন্য লাগছে আমার কাছে।”

শ্যাডো ব্যানিং

যখন কোনো অনলাইন পরিষেবায় ব্যবহারকারীদের জন্য কোনো অ্যাকাউন্টের ‘রিচ’ বা পোস্ট দেখানো সীমিত করা হয়, তখন সেটিকে প্রতীকী নিষেধাজ্ঞা বা ‘শ্যাডো ব্যানিং’ বলে। সাধারণত প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘন করলে এমনটি ঘটে থাকে।

২০২২ সালের শেষে একটি ‘ট্রান্সপারেন্সি টুল’ চালু করেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারী দেখতে পারেন, তার অ্যাকাউন্টে এমন কোনো নিষেধাজ্ঞা আছে কি না, যা অন্যান্য ব্যবহারকারীর কাছে তার পোস্ট দেখানো কমিয়ে দিতে পারে।

গত বছর ইসরায়েল-গাজা সংঘাত বিষয়ে পোস্ট করার পর ইনস্টাগ্রামের ‘শ্যাডো ব্যানের’ মুখে পড়ার দাবি করেছিলেন মার্কিন মডেল বেলা হাদিদ।

সম্প্রতি পাকিস্তানি লেখক ফাতিমা ভুট্টোও একই অভিযোগ তুলে বলেন, তার ফলোয়াররা তাকে জানিয়েছিলেন, ভুট্টোর কোনো স্টোরি তাদের ফিডে দেখা যাচ্ছিল না।

রোববার এক্স-এ পোস্ট করা বিবৃতিতে মেটার গণযোগাযোগ পরিচালক অ্যান্ডি স্টোন বলেন, তারা স্টোরিজ পোস্টের রিচ ‘ব্যাপকভাবে’ কমিয়ে দেওয়া সংশ্লিষ্ট বাগটি শনাক্ত করার পাশাপাশি ভুক্তভোগী ব্যবহারকারীদের কনটেন্ট বা রিল পুনরায় পোস্ট করেছে।

“গোটা বিশ্বের বিভিন্ন অ্যাকাউন্টে এই বাগের প্রভাব পড়লেও এতে কোম্পানির হাত ছিল না - আর আমরা যত দ্রুত সম্ভব এর সমাধান করেছি।” --বলেন তিনি।

এটিই প্রথম ঘটনা নয়

এর আগেও ফিলিস্তিনের সমর্থন করা বিভিন্ন কনটেন্টে সীমাবদ্ধতার লিখিত অভিযোগ রয়েছে মেটার বিরুদ্ধে।

২০২১ সালের মে মাসে ইনস্টাগ্রামের বিরুদ্ধে ভিডিও, ছবি ও সংঘাত বিষয়ক মন্তব্য সরিয়ে ফেলার অভিযোগ তুলেছিল মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’।

সে সময় এর জবাবে কোম্পানিটি বলেছিল, এইসব পোস্টে ‘ঘৃণামূলক বক্তব্য বা প্রতীক’ থাকায় পোস্টগুলো সরানো হয়েছে। পরবর্তীতে নিজেদের অ্যালগরিদম পরিবর্তনের পাশাপাশি ২০২১ সালের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে পোস্ট করা কনটেন্ট স্বতন্ত্রভাবে খতিয়ে দেখার উদ্দেশ্যে একটি কমিশন গঠনেও বাধ্য হয় মেটা।

২০২২ সালের সেপ্টেম্বরে এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল পরামর্শক কোম্পানি ‘বিজনেস ফর সোশাল রেসপনসিবিলিটি (বিএসআর)’।

“মেটার কার্যক্রম ফিলিস্তিনি ব্যবহারকারীদের মানবাধিকার, বাক স্বাধীনতা, সমাবেশের অধিকার, রাজনৈতিক অংশগ্রহণ ও সাম্যের অধিকারের মতো বিষয়গুলোতে প্রভাব ফেলছে। ফলে, ফিলিস্তিনের সমর্থকরাও বিভিন্ন তথ্য প্রকাশে বাধার মুখে পড়ছেন।” --উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

বিএসআর বলেছে, তারা মেটার কার্যক্রমে ইচ্ছাকৃত বর্ণবাদ বা রাজনৈতিক পক্ষপাত খুঁজে পায়নি। তবে, কোম্পানিকে ব্যবহারকারীদের কাছে এ বিষয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা করার পাশাপাশি হিব্রু ও আরবি ভাষাভাষী কর্মীদের দক্ষতা বাড়ানোরও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার হামাসের আক্রমণ বিষয়ক ভুল তথ্য ও অবৈধ কনটেন্ট ঠেকানো নিয়ে মেটা ও টিকটককে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় কমিশন।