১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২০২৬ সালে আইপিও নয়, ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা অল্টম্যানের

ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের দুই গবেষক সতর্ক করে বলেছিলেন, এআই অদূর ভবিষ্যতে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে।

২০২৬ সালে আইপিও নয়, ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা অল্টম্যানের
“আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে এ ধরনের কোনো ঝুঁকির সংখ্যাকেই আমরা প্রশ্রয় না দিই এবং আমি বিশ্বাস করি, আমরা তা করতে পারব।” ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 03:39 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

নিরাপত্তা ও মানবজাতির বিলুপ্তির ঝুঁকির কথা মাথায় রেখে ২০২৬ সালে শেয়ার বাজারে বা পাবলিক কোম্পানিতে যাচ্ছে না ওপেনএআই।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিরাপত্তা নিয়ে ক্রমাগত উদ্বেগের কথা উল্লেখ করে শনিবার এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফরচুন’কে দেওয়া সাক্ষাৎকারে অল্টম্যান বলেছেন, এ দশকের শেষ নাগাদ মানুষের বিলুপ্তির পেছনে এআইয়ের কারণে যদি কেবল ১০ শতাংশ ঝুঁকিও থাকে তবে তা সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’।

এর আগে, ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী কোম্পানি ‘অ্যানথ্রপিক’-এর দুই গবেষক সতর্ক করে বলেছিলেন, দ্রুত বিকাশ হওয়া এআই অদূর ভবিষ্যতে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে।

ওই সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রের একাধিক আইনপ্রণেতা এআই ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য নতুন আইন তৈরির জোরালো তাগিদ দিচ্ছেন, আর এমন পরিস্থিতিতেই অল্টম্যানের এই মন্তব্য সামনে এল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

অল্টম্যান বলেছেন, “নিরাপত্তা নিয়ে বর্তমানে যা কিছু ঘটছে, তা বিবেচনা করে আমি মনে করি, এ মুহূর্তে শেয়ারবাজারে যাওয়াটা অনুচিত সিদ্ধান্ত হবে এবং আইপিও আমাদের ওপর কোনো ধরনের চাপও নেই।”

এআইয়ের কারণে মানবজাতি ধ্বংস হওয়ার ১০ শতাংশ আশঙ্কা রয়েছে কি না এমন প্রশ্নে অল্টম্যান বলেছেন, এমন অনুমান কীভাবে করা সম্ভব তা তার জানা নেই।

তবে তিনি বলেছেন, ঝুঁকিটি এতটাই মারাত্মক যে এআই নির্মাতা কোম্পানি ও বিভিন্ন দেশের সরকারের উচিত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা, যাতে এ মাত্রার ঝুঁকিও কোনোভাবেই সহ্য করা না হয়।

“ঝুঁকিটা ১০ শতাংশ, ৮ শতাংশ বা ৬ শতাংশ যাই হোক না কেন মূল বিষয় হচ্ছে আমাদের সবার কাঁধে বড় দায়িত্ব রয়েছে। কোনো অবস্থাতেই অহংকার, মুনাফার লোভ বা অন্য কোনো প্রলোভনকে এর পথে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া যাবে না।

“আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে এ ধরনের কোনো ঝুঁকির সংখ্যাকেই আমরা প্রশ্রয় না দিই এবং আমি বিশ্বাস করি, আমরা তা করতে পারব।”

এআই এজেন্টদের ‘বিদ্রোহী’ হয়ে ওঠার ঘটনা

বিভিন্ন সিস্টেমে হ্যাকিং চালাতে গিয়ে এআই এজেন্টদের অনিয়ন্ত্রিত বা ‘বিদ্রোহী’ হয়ে ওঠার বেশ কিছু ঘটনা সামনে এসেছে।

এর জেরে প্রযুক্তি খাতের ঝুঁকি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে পদত্যাগ করেছেন অনেক এআই নিরাপত্তা গবেষক।

এ পরিস্থিতিতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান, উভয় মার্কিন দলের রাজনীতিবিদরাই গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

গেল জুনে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছিল, সম্ভাব্য এক ট্রিলিয়ন ডলারের আইপিও এ বছর স্থগিত করে আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে স্যান ফ্রান্সিসকোভিত্তিক ওপেনএআই।

এর আগে, ইলন মাস্কের স্পেসএক্সের আইপিও শেয়ারের দাম উল্লম্ফনের পর হঠাৎ পড়তে শুরু করে, যার ফলে কোম্পানিটির বাজারদর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

২০২৬ সালের পরিবর্তে ২০২৭ সালে আইপিও চালুর পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে অল্টম্যান বলেছেন, “আমি বলব, ২০২৬ সালে হচ্ছে না।

“নিরাপত্তা ও এআই অ্যালাইনমেন্ট নিশ্চিত করতে এ মুহূর্তে আমাদের অনেক কাজ করতে হবে। পাশাপাশি এ শিল্প ও বিভিন্ন দেশের সরকার কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সেদিকেও নজর দিতে হবে।”

ফরচুন লিখেছে, ওপেনএআই ও অন্যান্য শীর্ষস্থানীয় বিভিন্ন এআই কোম্পানি হয়ত এআইয়ের দ্রুত বিকাশে কিছুটা লাগাম টানার এবং নিরাপত্তা ঝুঁকি ঠেকাতে যৌথভাবে কোনো চুক্তি প্রকাশের খুব কাছাকাছি পৌঁছেছে– এমন ইঙ্গিতও দিয়েছেন অল্টম্যান।

সতর্ক ও ধীরগতির পদ্ধতির আহ্বান

শনিবার এআই প্রযুক্তির উন্নয়নে আরও সতর্ক ও ধীরগতির পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই।

এক্স-এ প্রকাশিত এক নিবন্ধে আমোদেই লিখেছেন, “বিভিন্ন এআই মডেলের সক্ষমতা বৃদ্ধির গতি আমাদের অবশ্যই কমিয়ে আনতে হবে।” পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ মতের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অল্টম্যান।

তিনি লিখেছেন, “এআইয়ের অগ্রগতির গতি ধীর করা দরকার, ডারিওয়ের এ কথার সঙ্গে আমি একমত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওপেনএআইয়ে আমাদের আলোচনায় তা প্রধান বিষয় ছিল।”

এদিকে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও অ্যানথ্রপিকের নিজস্ব আইপিও পরিকল্পনা ধীরগতিতে এগোচ্ছে না।

এ মাসে, সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রতিবেদনে লিখেছে, কোম্পানিটি আগামী অক্টোবরের মাঝামাঝি নাগাদ তাদের প্রাথমিক গণপ্রস্তাবের প্রচার শুরু করতে পারে ও নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক কয়েক দিন আগে আইপিও তালিকাভুক্তির কাজ সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে।