২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও খেলোয়াড় চান চেলসি কোচ

স্কোয়াডের শক্তি বাড়াতে একজন করে গোলরক্ষক ও আক্রমণভাগের খেলোয়াড়ের দিকে চোখ মাওরিসিও পচেত্তিনোর।

আরও খেলোয়াড় চান চেলসি কোচ

চেলসি কোচ মাওরিসিও পচেত্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 04:28 PM

Updated : 25 Aug 2023, 04:33 PM

দল ঢেলে সাজানোর লক্ষ্যে একের পর এক খেলোয়াড় কিনছে চেলসি। এরই মধ্যে স্কোয়াড হয়ে গেছে বেশ বড়। তবে ক্লাবের ‘চোট দুর্ভাগ্য’ মাথায় রেখে আরও শক্তি বাড়ানোর প্রয়োজন দেখছেন কোচ মাওরিসিও পচেত্তিনো। বললেন, কমপক্ষে আরও দুজন খেলোয়াড় চাই তার। 

পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১২তম হওয়া চেলসি। এরপর পচেত্তিনোকে কোচ করে নতুন করে দল সাজাচ্ছে তারা। এই প্রক্রিয়ায় ক্লাব ছেড়েছেন অনেকে। যোগও দিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড়। 

এবারের দলবদলে এরই মধ্যে নতুন ফুটবলার দলে আনতে ৩২ কোটি পাউন্ড খরচ হয়েছে লন্ডনের ক্লাবটির। ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফি ১১ কোটি ৫০ লাখ পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছেন মিডফিল্ডার মোইসেস কাইসেদো। নতুনদের মধ্যে আছে ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু, মিডফিল্ডার রোমেও লাভিয়া, ডিফেন্ডার আক্সেল দিসাসি, গোলরক্ষক রবের্ত সানচেসসহ আরও কয়েকজন। 

তবে মৌসুমের শুরুতেই একের পর এক চোট ছোবল দিয়েছে চেলসি শিবিরে। লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন এনকুনকু। মাঠের বাইরে আছেন ডিফেন্ডার রিস জেমস ও মিডফিল্ডার কার্নি চুকুয়েমেকাও। 

ইংল্যান্ডের শীর্ষ লিগে শুক্রবার চেলসির প্রতিপক্ষ লুটন টাউন। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, দলের চাহিদা অনুযায়ী সঠিক খেলোয়াড় কেনার জন্য কাজ করছেন তারা। 

"আমাদের অন্তত একজন (নতুন) গোলরক্ষক দরকার। আমাদের দলে খুব প্রতিভাবান তরুণ গোলরক্ষক আছে, কিন্তু তাদের সময় দিতে হবে। আমাদের আরও (খেলোয়াড়) প্রয়োজন এবং এরপর আমরা আক্রমণের সঠিক মানের একজন খেলোয়াড়ের কথা ভাবছি।” 

“আমরা সঠিক প্রোফাইলের খেলোয়াড় যোগ করতে পারি, তবে সেটা স্রেফ একজন নতুন খেলোয়াড় দলে যুক্ত করার জন্যই নয়। আমরা কিছু তরুণ খেলোয়াড়দের উন্নতির পথ আটকে দিতে চাই না।” 

লিভারপুলের সঙ্গে ১-১ ড্রয়ে লিগ শুরুর পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় চেলসি। এই ম্যাচগুলোতে দলটির নতুন খেলোয়াড়রা সেভাবে আলো ছড়াতে পারেননি।

পচেত্তিনো অবশ্য এতে চিন্তার কিছু দেখছেন না। খেলোয়াড়দের মানিয়ে নিতে আরও সময় দিতে চান তিনি। 

“আমরা যদি কাইসেদো, লাভিয়া, দিসাসিদের কাছ থেকে এখনই সেরাটা আশা করি, যারা শেষ মূহুর্তে দলে যোগ দিয়ে মাত্র কয়েকদিন আমাদের সঙ্গে অনুশীলন করছে, তাহলে তা বাস্তবসম্মত হবে না।”