২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যালেসের মাঠে পয়েন্ট হারালেও মনোবল হারাননি ক্লপ

বিবর্ণ পারফরম্যান্সে গোলশূন্য ড্রয়ের পরও ইতিবাচক থেকে সামনে তাকাচ্ছেন লিভারপুল কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2023, 10:17 AM

Updated : 26 Feb 2023, 02:04 PM

আরেকটি ম্যাচ, আরও একবার হতাশাজনক পারফরম্যান্স লিভারপুলের। যে দলের বিপক্ষে আগে বরাবরই দাপুটে ছিল তারা, সেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও এবার জয় ধরা দিল না। তবে ড্রয়ের পরও মুষড়ে পড়ছেন না ইয়ুর্গেন ক্লপ। আশা নিয়ে লিভারপুল কোচ তাকাচ্ছেন সামনে। 

ইংলিশ প্রিমিয়ার লিগর ম্যাচে শনিবার প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে লিভারপুল। পয়েন্ট তালিকার শীর্ষ চারে ওঠার লক্ষ্যে তাতে আরেক দফায় হোঁচট খেল ক্লপের দল। 

১৮ বছরের মধ্যে এই প্রথমবার লিভারপুলের বিপক্ষে জাল অক্ষত রাখতে পারল। অথচ এই দলের বিপক্ষে ক্লপের রেকর্ড আগে ছিল দুর্দান্ত। প্যালেসের মাঠে আগের সাত ম্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছিলেন তিনি। এই ম্যাচগুলিতে ৬ গোল হজম করে তার দল গোল করেছিল ২২টি। লিভারপুলের কোচ হিসেবে তার সবচেয়ে বেশি জয়ও এই দলের বিপক্ষেই (১২টি)। 

এবার সব বদলে গেল। তবে বদলে যায়নি ক্লপের ইতিবাচক মানসিকতা। ম্যাচের পর লিভারপুল কোচ বললেন, ব্যাপারটি ভিন্ন দৃষ্টিভঙ্গির। 

“আপনাদের (সংবাদমাধ্যম) চোখে, ফুটবলারদের চোখ দেখে আমার মনে হচ্ছে, আমরা হেরে গেছি। কিন্তু আমরা তো হারিনি!।”

“খুব বেশি কিছু আসলে বদলায়নি আজকে রাতে (আগের চেয়ে)। দুটি দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারেন এটি। আমরা জিততে পারিনি, অবশ্যই নেতিবাচক শোনায় এটি। আগের ম্যাচের চেয়ে আমরা একটি পয়েন্ট বেশি পেয়েছি, এটা কিন্তু বেশ ইতিবাচক! তো আপনিই বেছে নিতে পারেন!”

এই ড্রয়ের পর পয়েন্ট তালিকায় আপাতত এক ধাপ উন্নতি হয়েছে লিভারপুলের। ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তারা এখন আছে সাত নম্বরে। 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তারা বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। প্রিমিয়ার লিগে শীর্ষ চারে না থাকার শঙ্কা আছে তীব্রভাবেই। এই মৌসুমের বাস্তবতা মেনে নিয়েই দলকে লড়াই চালিয়ে যেতে বললেন ক্লপ। 

“এটা এমন মৌসুম নয় যে ইতিহাসে আলাদা জায়গা নিয়ে থাকবে এবং এক সময় লোকে বারবার পেছন ফিরে তাকাবে। এই মৌসুম নিয়ে বড় কোনো সিনেমা বা এধরনের কিছু বানানো হবে না। তবে এর মধ্য দিয়েই আমাদের যেতে হবে।” 

“ব্যাপারটি তো সবসময় এরকম নয় যে , ‘আমরা জিতেছি, দারুণ ব্যাপার কিংবা আমরা হেরেছি, ভয়ঙ্কর ব্যাপার।’ এসবের বাইরেও আমাদের কাজ করে যেতে হবে এবং ইতিবাচকতা নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা সেই চেষ্টাই করব।”