২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিতে প্রথম দিন থেকেই জয় চান পচেত্তিনো

স্বল্পমেয়াদে দলকে ভালো ফলাফল এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী এই আর্জেন্টাইন কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 03:47 PM

Updated : 08 Jul 2023, 03:47 PM

খুব কঠিন সময়ে চেলসির দায়িত্ব পেয়েছেন মাওরিসিও পচেত্তিনো। নতুন দায়িত্বে চাপের মধ্যে আছেন, তা ভালো করেই বুঝতে পারছেন তিনি। তবে দ্রুতই লন্ডনের দলটিকে কক্ষপথে ফেরানোর ব্যাপারে আশাবাদী এই আর্জেন্টাইন কোচ। তার লক্ষ্য একটিই- জয়। 

২০২২-২৩ মৌসুমটা ভুলে যাওয়ার মতো ছিল চেলসির জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে হয় ১২তম। ১৯৯৪ সালের পর লিগে যা তাদের সবচেয়ে বাজে অবস্থান। অন্যান্য প্রতিযোগিতায় তাদের পথচলা থেমে যায় আগেভাগেই। কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হন টমাস টুখেল ও গ্রাহাম পটার। মৌসুমের শেষ ভাগে দায়িত্ব সামলান সাবেক ইংলিশ মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। 

গত মে মাসে দুই বছরের চুক্তিতে নিয়োগ পান পচেত্তিনো। এরই মধ্যে দল সাজানোর কাজ শুরু করে দিয়েছেন তিনি। ক্লাব ছেড়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়, যার মধ্যে রয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতা, মিডফিল্ডার এনগোলো কঁতে। দলটিতে যোগ দিয়েছেন নতুন কিছু খেলোয়াড়।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে শুক্রবার পচেত্তিনো বলেন, খেলোয়াড়দের মাঝে জয়ের মানসিকতা দেখতে চান তিনি। 

“আমার নজর জয়ের দিকে, জেতাই আমার লক্ষ্য। ফুটবলে স্রেফ আজ ও গতকালের কথা মনে রাখা হয়। দীর্ঘমেয়াদ নিয়ে আপনি খুব বেশি কথা বলতে পারবেন না। আমরা লোকেদের বলতে পারি না যে, আমাদের প্রস্তুত হতে ছয় মাস লাগবে। কারণ তা ভালো বিষয় নয়। আমাদের শুরু থেকেই বিশ্বাস তৈরি করতে হবে।” 

২০২৩-২৪ মৌসুমে চেলসির প্রথম ম্যাচ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে, আগামী ১৩ অগাস্ট। ওই লড়াইয়ে জিতে শুরুটা ইতিবাচক করার প্রত্যয় পচেত্তিনোর। 

“আমার মনে হয় আমাদের এমন একটি স্কোয়াড থাকবে, যা স্বল্পমেয়াদে ভালো ফলাফল দিতে পারে এবং আমাদের যে প্রত্যাশা তা পূরণ করতে পারে। আর প্রথম দিন থেকেই আমাদের জিততে হবে। এরপর যদি আমরা নাও জিততে পারি, হয়তো একটু একটু করে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে আরও সময় লাগবে, হয়ত তা সম্ভব। তবে শুরু থেকেই আমাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ নিয়ে ভাবতে হবে, লিভারপুলকে হারাতে হবে।”