‘অপ্রতিরোধ্য নুনেসের গোল এলো বলে’
গোলমুখে উরুগুয়ের এই তরুণ ফরোয়ার্ড এখনও তেমন সফল না হলেও তার প্রচেষ্টায় মুগ্ধ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
অ্যাস্টন ভিলার বিপক্ষে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দারউইন নুনেস। তবে গোল করা ছাড়া ম্যাচে প্রায় সবই করেছেন লিভারপুল ফরোয়ার্ড। গোলমুখে ব্যর্থ হলেও তাই তার পারফরম্যান্স মন জয় করে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের। ইংলিশ ক্লাবটির কোচের বিশ্বাস, শিগগিরই জালের দেখা পাবেন নুনেস।
বিশ্বকাপ বিরতির পর জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে লিভারপুল। ৩-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। বিজয়ীদের গোল তিনটি করেছেন মোহামেদ সালাহ, ভার্জিল ফন ডাইক ও স্তেফান বাইচেতিচ। একটি গোল করে হারের ব্যবধান কমান ওয়াটকিন্স।
স্কোরশিটে নাম লেখানোর অনেকগুলো সুযোগই পেয়েছিলেন ২৩ বছর বয়সী নুনেস। কোনোটিই কাজে লাগাতে পারেননি তিনি। তবে পুরো মাঠ জুড়ে তার বিচরণ এবং গোলের সুযোগ তৈরি করার জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
ম্যাচের শেষ দিকে নুনেসের কাটব্যাক থেকেই সিনিয়র দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন টিনএজার বাইচেতিচ।
গোল না করতে পারলেও ক্লপের চোখে এখন অপ্রতিরোধ্য ২৩ বছর বয়সী নুনেস।
“(গোল করা ছাড়াও) অন্য অনেক বিষয় আছে, যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা স্ট্রাইকারদের নিয়েই আলোচনা করি…সে (নুনেস) যে পরিমাণ কাজ করছে, যেভাবে জায়গা তৈরি করছে, এই মুহূর্তে সে অপ্রতিরোধ্য। এমন কোনো ডিফেন্ডার নেই, গতি দিয়ে যে তাকে ধরতে পারে।”
গত গ্রীষ্মের দলবদলে বেনফিকা থেকে ছয় বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দেন নুনেস। তাকে দলে টানতে প্রাথমিকভাবে লিভারপুলের খরচ হয় ৬ কোটি ৪০ লাখ পাউন্ড।
নতুন ঠিকানায় প্রথম ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের ঝলক দেখান নুনেস। প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন ৫ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে জালের দেখা পেয়েছেন ৯ বার।
উরুগুয়ের হয়ে কাতার বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একটি গোলও করতে পারেননি নুনেস। বিশ্বকাপ বিরতির পর ক্লাবের হয়েও ফেরার ম্যাচেও পেলেন না তিনি জালের দেখা। তবে এসব নিয়ে একেবারেই চিন্তিত নন ক্লপ।
“সে গোল করবে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সবকিছু ঠিক হয়ে যাবে।”
লিগ টেবিলে ১৫ ম্যাচে ৭ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিভারপুল। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আর্সেনাল।
