সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ
দোষী প্রমাণিত হলে শাস্তির মুখোমুখি হতে হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।
চার বছরের দীর্ঘ তদন্তের পর ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিষয়টি এখন একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হবে।
প্রিমিয়ার লিগ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭-১৮ মৌসুমের মধ্যে নিয়ম ভাঙার ঘটনাগুলি ঘটেছে। অভিযোগগুলি রাজস্ব সংক্রান্ত আর্থিক তথ্য, কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিকের বিবরণ, উয়েফার নিয়ম লঙ্ঘন এবং প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করার সঙ্গে সম্পর্কিত।
দোষী প্রমাণিত হলে পয়েন্ট কাটা বা বহিষ্কারাদেশসহ বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।
এর আগে উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় ২০২০ সালে সিটিকে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পরে যদিও ক্লাবের আপিলের প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত সেই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়।
২০০৮ সালে আবু ধাবি ইউনাইটেড গ্রুপ সিটির মালিকানা নেওয়ার পর থেকে ক্লাবটি ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে। এর মধ্যে গত পাঁচ মৌসুমে চারবার শিরোপা উৎসব করে ইতিহাদ স্টেডিয়ামের দলটি।
চলতি প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
