ধারাবাহিক জার্মানির সামনে নেইমারহীন ব্রাজিল
তার এখন থাকার কথা ছিল সতীর্থদের সঙ্গে অনুশীলনে। টগবগে, চনমনে আর টইটম্বুর আত্মবিশ্বাসে ভরপুর হয়ে। কিন্তু সেই তিনি এখন ‘যুদ্ধক্ষেত্র’ থেকে ফিরে গেছেন বাড়ি। ফিরতে হয়েছে আর কী! আততায়ী চোট তাকে এমনভাবে কাবু করেছে যে, রঙিন জগতটা মুহূর্তেই রংহীন। ‘ক্রাইস্ট দ্য রিডিমার’-এর মতো ‘নেইমার দ্য রিডিমার’ যে হওয়া হল না তার!
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দুইটায় বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জার্মানি। বোলো হরিজন্তের এই সেমি-ফাইনালে না থেকেও প্রবলভাবে আছেন নেইমার। পাঁচশ কিলোমিটার দূরে সান্তোসে নিজ বাড়িতে শুয়েও সেমি-ফাইনালে তার অহর্নিশ উপস্থিতি। সতীর্থরা খেলবে, নেইমারের জন্য জয় এনে দিতে। প্রতিপক্ষ খেলবে, নেইমার নেই বলে জয়ের সৌরভ পেয়ে আরো উজ্জীবিত হয়ে। কলম্বিয়ার কামিলো সুনিগার হতচ্ছাড়া ফাউল ব্রাজিল-জার্মানি মহারণের সুরটাই দিয়েছে পাল্টে।
তবে নেইমারের অনুপস্থিতি একপাশে সরিয়ে রাখলে রোমাঞ্চের পসরা সাজানো এই দ্বৈরথ। সত্যিকারের মহারণ। এক দিকে ব্রাজিল, বিশ্বকাপে পাঁচবার জিতে যারা সফলতম দল। অন্য দিকে জার্মানি, শিরোপাসংখ্যায় প্রতিপক্ষের চেয়ে দুই ঘর পিছিয়ে, কিন্তু শেষ চারে ওঠার বিচারে আবার অনেক এগিয়ে। ইতালি চারবার শিরোপা জিতলেও বিশ্বকাপের সফলতম দুটো দল বলতে চট করে সবাই ব্রাজিল-জার্মানিকেই বুঝে নেয়। সেই দুই দলের মুখোমুখি লড়াই বলে কথা! রোমাঞ্চের হাজারো রেণু তাতে না ছড়ানো থাকলে কী হয়!
আশ্চর্যজনক হলেও সত্য, বিশ্বকাপে সফল এই দল দুটির দেখা হয়েছিল কেবল একবার। ২০০২ ফাইনালে। সেখানে রোনালদোর জোড়া গোলে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জেতে ব্রাজিল। এবার দ্বিতীয় দেখার পথে তারা সেমি-ফাইনাল পর্যন্ত এসেছে বলতে গেলে পায়ে পায়ে সমান পদক্ষেপ ফেলে। গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া-মেক্সিকো-ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের যেমন জয়-ড্র-জয়, পর্তুগাল-ঘানা-যুক্তরাষ্ট্রের বিপক্ষে জার্মানিরও ওই ফলের ক্রম। শেষ ষোলোতে গিয়ে নির্ধারিত ৯০ মিনিটে জেতা হয়নি কারো। চিলির বিপক্ষে ব্রাজিলের জয় টাইব্রেকারে; আলজেরিয়ার বিপক্ষে জার্মানির জয় অতিরিক্ত ৩০ মিনিটে গিয়ে ২-১ ব্যবধানে। এরপর কোয়ার্টার ফাইনালে আবার ৯০ মিনিটই যথেষ্ট দুই দলের জন্য। এবার কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল, ফ্রান্সকে ১-০ গোলে জার্মানি। উত্তেজনা-উন্মাদনায় কী দুর্দান্ত এক সেমি-ফাইনালের প্রতিশ্রুতিই না তাই ছিল! কিন্তু নেইমারের চোটে এলোমেলো সব।
আর শুধু তো নেইমার নন। কলম্বিয়ার বিপক্ষে টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় সেমি-ফাইনালে খেলা হচ্ছে না চিয়াগো সিলভারও। অর্থাৎ, ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির মুখোমুখি হচ্ছে ব্রাজিল দলের সেরা দুই ফুটবলার ছাড়া। স্বাগিতকদের বাদ দিয়ে ফেভারিটের পাল্লাটি নাটকীয়ভাবে জার্মানদের দিকে হেলে পড়ায় তাই অবাক হওয়ার কিছু নেই।
তাই বলে স্বাগতিকরা হাল ছেড়ে দিচ্ছে না। বরং চিয়াগো সিলভা থেকে দাভিদ লুইস হয়ে হাল্ক সবার কণ্ঠেই প্রতিধ্বনিত নেইমারকে ট্রফি এনে দেওয়ার প্রত্যয়। এই প্লে-মেকারের পরিবর্তে একাদশে আসার সম্ভাবনা বেশি উইলিয়ানের। তবে যেই আসুন, দায়িত্বটা ঠিকঠাক পালন করবেন বলে বিশ্বাস আছে আরেক সতীর্থ অস্কারের, “আমরা অবশ্যই নেইমারের অভাব বোধ করব। তবে ওর জায়গায় যে আসুক, দলের অংশ হয়ে খেলতে হবে। এবং হারাতে হবে জার্মানিকে। আমাদের জন্য সবচেয়ে ভালো ব্যাপার হল, আমরা খেলি দল হিসেবে। আমি কেবল আশা করছি নেইমারের জায়গায় যে আসবে, সে যেন ভালো খেলে।”
হাহাকার-প্রেরণায় ব্রাজিল বুঁদ হয়ে আছে নেইমারে। এবং টুর্নামেন্টের শুরু থেকে ধরলে ’৫০-এর মারাকানাজো-স্মৃতি দূর করায়। জার্মানির অভিযান আলাদা। ১৯৯০ সালের পর থেকে অধরা বিশ্বকাপ জিততে চায় তারা। এই নিয়ে রেকর্ড টানা চতুর্থবার সেমি-ফাইনালে উঠল। কিন্তু শিরোপা সেই অধরাই। ব্রাজিলের বিপক্ষে শেষ চারের লড়াই সামনে রেখে জার্মানির কোচ ইওয়াখিম লুভের কণ্ঠে তাই পরবর্তী ধাপে উত্তরণের তাগিদ, “আমরা এখন চেষ্টা করব পরের ধাপে যেতে। এই নিয়ে টানা পাঁচটি টুর্নামেন্টে (বিশ্বকাপ-ইউরো মিলিয়ে) আমরা সেমিতে পৌঁছেছি।”
কিন্তু ওই আরেক ধাপ এগোনোর পথে যে জার্মানির সামনে বাধা হয়ে আসছেন সেই নেইমার! সেমি-ফাইনালে না থেকেও!
ব্রাজিল জাতীয় দলের অনুশীলন শিবির থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার হেলিকপ্টারে ওঠার সময় আধশোয়া নেইমারের মুষ্ঠিবদ্ধ হাত যেন আরেক জ্বলজ্বলে পোস্টার। যেখানকার স্লোগানটা স্পষ্ট, ‘স্বপ্ন মরে না’।
নেইমারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সেই স্বপ্নপূরণের আর্তি এখন সতীর্থদের কাছে। সেমি-ফাইনালেই জার্মানরা কি সেই স্বপ্ন কেড়ে নিতে পারবে?
