২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিরোপা জার্মানিরই প্রাপ্য'

সবাই বলছে খালি ব্রাজিলের জনগণের কথা, ষষ্ঠ শিরোপা জিতে মারাকানার সেই কষ্ট ভুলতে চায় তারা। জার্মানির বাসিন্দারাও কিন্তু তাদের শিরোপা খরা ঘোচাতে চায়। তাদের মনের কথাটাই বললেন দলের তারকা খেলোয়াড় মেসুত ওজিল, বিশ্বকাপটা আসলে জার্মানিরই প্রাপ্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 06:03 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বেলো হরিজন্তেতে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় স্বাগতিকদের বিপক্ষে সেমি-ফাইনালের লড়াইয়ে নামবে জার্মানি।

এই ম্যাচের আগে জার্মানি দলের অন্যতম সেরা খেলোয়াড় ওজিল একটা বিশ্বাসের কথা জানান।

"অবশেষে আবার বিশ্বকাপ জেতাটা জার্মানির প্রাপ্য। পুরো জার্মানি আশা করছে, আমরা বিশ্বকাপ জিতব।"

এত মানুষের স্বপ্নের ভার বহন করা বড় এক চাপ বলেও মনে করেন ওজিল। কিন্তু দেশের মানুষকে আরেকটা বিশ্বকাপ এনে দিতে পারলে দলটির সবাই যে অন্য এক উচ্চতায় উঠে যাবে, সেটাই প্রেরণা ওজিলের।

"জানি, জিতলে আমরা সবাই কিংবদন্তি হয়ে যেতে পারি, কারণ এর আগে ইউরোপের কোনো দল দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ জিতে যেতে পারেনি।"

তিনটি বিশ্বকাপ জিতে বিশ্বকাপের তৃতীয় সফল দেশ জার্মানি। কিন্তু সর্বশেষ তারা বিশ্বকাপ জিতেছিল সেই ১৯৯০ সালে। আবার বিশ্বকাপ জিততে হলে আগে তো জার্মানিকে ফাইনালে উঠতে হবে। আর সেই পথে তাদের বাধা বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল।

গত তিনটি বিশ্বকাপে খুব কাছে গিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের। আর এ নিয়ে টানা চতুর্থবার শেষ চারে ওঠার পর এবার আরেকটা বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে মরিয়া জার্মানির মানুষ। দলটির কোচ ইওয়াখিম লুভ সেমি-ফাইনালের আগে সেটিই যেন মনে করিয়ে দিতে চাইলেন।

"দলের অনুভূতিটা এখন এরকম যে, বিশ্বকাপ জয় ছাড়া আর কিছুই আমাদের যথেষ্ট নয়।"

লুভ জানেন, মানুষের এই প্রত্যাশা দলের জন্য বড় এক চাপ। তবে এই চাপেই আবার প্রেরণা খুঁজছেন তিনি। কারণ, বিশ্বকাপ জিতে বাড়ি ফিরতে পারলে সবার মুখে হাসি ফোটানো যাবে।