‘কে মেসি? কে নেইমার?’
কে মেসি? কে নেইমার? এই যে হোয়েল কাম্পবেল - তিন বছর আগে কোস্টা রিকার রাস্তা থেকে এক খেলোয়াড়কে তুলে এনে এভাবেই সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন দলটির তখনকার কোচ রিকার্দো লা ভলপে। এখন কোস্টা রিকার হয়ে বিশ্বকাপ মাতাচ্ছেন কোস্টা রিকার এই তারকা।
ওই দিন ভলপে বলেন, "রাস্তায় ক্যান দিয়ে ফুটবল খেলার সময় আমি তাকে আবিষ্কার করেছি।"
২০১১ সালে এভাবেই আন্তর্জাতিক গণমাধ্যমে পরিচিত হয়ে ওঠেন কাম্পবেল। সুযোগ মেলে জাতীয় দলে। এরপর দেশের হয়ে কম-বেশি আলো ছড়ান কিন্তু পরিচিত মুখ কখনই হয়ে ওঠা হয়নি তার।
বিশ্বকাপ শুরুর আগে কজনই বা কাম্পবেলকে চিনতো? ২২ বছর বয়সী কোস্টা রিকার এই ফরোয়ার্ডই আজ বিশ্বকাপের অন্যতম তারকা। আর তার দলটি এবারের আসরের সবচেয়ে বড় চমক।
উরুগুয়ে ও ইতালিকে হারিয়ে এবং ইংল্যান্ডের সঙ্গে ড্র করে মৃত্যুকূপ ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ওঠে মধ্য আমেরিকার দেশটি। দ্বিতীয় রাউন্ডে গ্রিসকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো সেরা আটে উঠে আসে কাম্পবেলের দল।
কোস্টা রিকার রূপকথা বড় অবদান কাম্পবেলের। দলের প্রথম গোলটি তার পা থেকেই। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচটি ৩-১ গোলে জেতে কোস্টা রিকা।
কাম্পবেলের উচ্ছ্বসিত প্রশংসা সতীর্থ সেলসো বোর্হসের কণ্ঠে, "হোয়েল আমার দেখা অন্যতম মেধাবী খেলোয়াড়। সে যতদূর চায় ততদূর যেতে পারবে।'
শনিবার সালভাদরে কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে কোস্টা রিকা। রূপকথায় নতুন আরেকটি অধ্যায় যোগ করতে কাম্পবেলের উপর অনেকটাই নির্ভর করবে কোস্টা রিকা।
