প্রথম ম্যাচে সুয়ারেসকে পাচ্ছে না উরুগুয়ে
লুইস সুয়ারেসকে নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই, কোচ অস্কার তাবারেস তা নিশ্চিত করে দিলেন। শনিবার কোস্টা রিকার বিপক্ষে লিভারপুলের এই তারকা স্ট্রাইকারকে ছাড়াই খেলতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
উরুগুয়ের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেসকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চান না তাবারেস।
“(সুয়ারেসকে) তাকে আমরা চাপ দিতে চাই না। লুইসকে ছাড়াই আমরা এই ম্যাচ (কোস্টা রিকার বিপক্ষে) খেলার প্রস্তুতি নিচ্ছি।”
তবে প্রতিযোগিতার পরের ম্যাচগুলোতে সুয়ারেসের ফেরার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই জানান কোচ তাবারেস।
গত মে মাসে হাঁটুতে অস্ত্রোপচার হলেও বিশ্বকাপের আগেই মাঠে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন সুয়ারেস। কদিন আগে অনুশীলনেও ফেরেন তিনি কিন্তু মাঠের লড়াইয়ে ফিরতে অপেক্ষাতেই থাকতে হচ্ছে ২৭ বছর বয়সী এই খেলোয়াড়কে।
১৯ জুন সাও পাওলোতে ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ইতালির সঙ্গে গ্রুপে তাদের শেষ ম্যাচ ২৪ জুন, নাতালে।
