২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানদের প্রেরণাতেই বিশ্বকাপে সুয়ারেস

লুইস সুয়ারেস বিশ্বকাপ খেলার আশা কখনোই ছাড়েননি। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার আত্মবিশ্বাসটা তার ছিল। সুয়ারেসের এই আত্মবিশ্বাস ধরে রাখার প্রেরণা ছিল তার সন্তানেরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 07:00 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

শেষ মুহূর্তের চোটের পরও মানসিকভাবে ভেঙে না পড়ার মন্ত্রের কথা বলেন সুয়ারেস।

“আমার লক্ষ্যটা পরিষ্কার ছিল—মানসিক ও শারীরিকভাবে শক্ত থাকা। আমি চেয়েছি, আমার বাচ্চারা আমাকে বিশ্বকাপে খেলতে দেখুক।”

মে মাসে উরুগুয়ের বিশ্বকাপ অনুশীলনে হাঁটুতে চোট পান সুয়ারেস। এর পর অস্ত্রোপচার করানো হয় তার হাঁটুতে। চোট সেরে আবার অনুশীলন করছেন লিভারপুলের এই তারকা।

একটা সময় সংশয় জেগেছিল উরুগুয়ের সবচেয়ে বড় তারকা বিশ্বকাপের আগে সেরে উঠতে পারবেন না। এর পরও কোচ অস্কার তাবারেস তাকে ২৩ সদস্যের চূড়ান্ত দলে রেখেছেন। তার বিশ্বাস ছিল, সুয়ারেস সময় মতো সেরে উঠবেন।

সময় মতো সেরে ওঠার বিশ্বাসটা ছিল সুয়ারেসের নিজেরও।

“মানসিকভাবে আমি ভালো বোধ করেছি, আর শারীরিক দিক থেকে চমৎকার। কখনোই আমি চাপ অনুভব করিনি। কখনো আমি দু:খও অনুভব করিনি। কারণ, বিশ্বকাপে খেলতে না পারার কথা আমি কখনোই ভাবিনি। এটা আমার মনে কস্মিনকালেও আসেনি।”

অস্ত্রোপচারের আগের সেই কথা মনে করে সুয়ারেস জানান, তাকে মানসিকভাবে এত শক্ত দেখে তার স্ত্রীও নাকি আশ্চর্য হয়েছিলেন।

সবকিছুর পরও আগামী শনিবার কোস্টা রিকার বিপক্ষে উরুগুয়ের প্রথম ম্যাচে সুয়ারেস খেলতে পারবেন কিনা, এ নিয়ে সংশয় আছে।

‘ডি’ গ্রুপে উরুগুয়ের বাকি দুটি ম্যাচ চারবারের চ্যাম্পিয়ন ইতালি ও ১৯৬৬ বিশ্বকাপের শিরোপা জয়ী ইংল্যান্ডের বিপক্ষে।