সুয়ারেসকে নিয়ে অনিশ্চয়তায় কোচ
সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া লুইস সুয়ারেস। কঠিন পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তবে উরুগুয়ের সবচেয়ে বড় তারকা ঠিক কবে মাঠে ফিরতে পারবেন, তা বলতে পারছেন না কোচ অস্কার তাবারেসও।
বেলো হরিজন্তেতে দলের প্রথম অনুশীলনের পর মঙ্গলবার সুয়ারেসের ফেরা নিয়ে কথা বলেন উরুগুয়ে কোচ।
“আমরা কোনো সময়সীমা নির্ধারণ করিনি। আমি ঠিক জানি না তাকে আমরা প্রথম, দ্বিতীয় না তৃতীয় ম্যাচে পাব। বিষয়টি যদি আমার হাতে থাকত, তাহলে আগামীকালই সুয়ারেসকে নামিয়ে দিতাম।”
শনিবার কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে উরুগুয়ের বিশ্বকাপ অভিযান শুরু হবে। 'ডি' গ্রুপে উরুগুয়ে পরের দুটি ম্যাচে ১৯ জুন ইংল্যান্ড ও ২৪ জুন ইতালির মুখোমুখি হবে।
তাবারেস জানান, সুয়ারেস শারীরিক সক্ষমতা ফিরে পেতে পুরোদমে কাজ করছে।
সুয়ারেস টুইটারে নিজের অবস্থা নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ৩২ সেকেন্ডের ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি সবাইকে জানাতে চাচ্ছি, আমার হাটুর অবস্থা ভালো। আমি ভালো বোধ করছি।”
উরুগুয়ের বিশ্বকাপ অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন সুয়ারেস। অস্ত্রোপচার হয়েছিল তার হাঁটুতে।
