তিন গুণ পরিশ্রম সুয়ারেসের
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লুইস সুয়ারেস খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। কিন্তু পুরোপুরি সেরে উঠতে বাড়তি অনুশীলন করেই যাচ্ছেন উরুগুয়ের সবচেয়ে বড় এই তারকা।
'ডি' গ্রুপের দল উরুগুয়ের বিশ্বকাপ অভিযান শুরু হবে শনিবার কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে সেরে উঠতেই সুয়ারেস বাড়তি পরিশ্রম করছেন বলে জানান উরুগুয়ের উইঙ্গার ক্রিস্তিয়ান রদ্রিগেস।
সুয়ারেস তার পরিশ্রমের ফলও পাচ্ছে জানিয়ে তাকে দ্রুত দলে পাওয়ার তীব্র আগ্রহের কথা বলেন রদ্রিগেস।
"লুইস জানে, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। প্রতিদিনই সে উন্নতি করছে এবং আমরা চাই, সে দ্রুতই খেলার জন্য শতভাগ 'ফিট' হয়ে উঠুক।"
এর পর রদ্রিগেস বলেন, "সে ফিরতে ব্যাকুল হয়ে আছে, আর আমরা তাকে স্বাগত জানাতে ব্যাকুল হয়ে আছি।"
গত ২২ মে উরুগুয়ের বিশ্বকাপ অনুশীলনে হাঁটুতে চোট পান সুয়ারেস। এর পর অস্ত্রোপচার করানো হয় তার হাঁটুতে।
