পূর্ণ অনুশীলনে ফিরলেন সুয়ারেস
অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো পূর্ণ অনুশীলন করেছেন বিশ্বকাপের এবারের আসরে উরুগুয়ের সবচেয়ে বড় তারকা লুইস সুয়ারেস।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ গোল করা সুয়ারেস বৃহস্পতিবার উরুগুয়ে দলের সঙ্গে অনুশীলন করেন। পেটের পীড়া থেকে দিয়েগো ফোরলান সুস্থ হওয়ার পর ২৭ বছর বয়সী সুয়ারেসও পূর্ণ অনুশীলনে ফেরায় আরো উজ্জীবিত অস্কার তাবারেসের শিষ্যরা।
একটা সময় সংশয় জেগেছিল, উরুগুয়ের সবচেয়ে বড় তারকা বিশ্বকাপের আগে হয়ত সেরে উঠতে পারবেন না। তারপরও কোচ অস্কার তাবারেস তাকে ২৩ সদস্যের চূড়ান্ত দলে রাখেন। তার বিশ্বাস ছিল, সুয়ারেস সময় মতো সেরে উঠবেন।
শনিবার কোস্টা রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। ব্রাজিল বিশ্বকাপে ‘জি’ গ্রুপে উরুগুয়ের বাকি দুই প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন ইতালি ও ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড।
