২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি ম্যাচে জিতে আত্মবিশ্বাসী স্পেন

আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে যাচ্ছে স্পেন। ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতিতে এল সালভাদরকে ২-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 01:29 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

গত সপ্তাহে বলিভিয়াকেও একই ব্যবধানে হারিয়েছিল ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের রেকর্ড গড়া স্পেন।

শনিবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে এই প্রীতি ম্যাচে স্পেনের জয়ের নায়ক স্ট্রাইকার দাভিদ ভিয়া। দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেছেন তিনি।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলে জন্ম নেয়া স্ট্রাইকার দিয়েগো কস্তা। প্রথম একাদশে মাঠে নেমে ৭০ মিনিট পর্যন্ত খেলেছেন তিনি।

চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্পেন। ডি বক্সের মাঝে কস্তাকে সালভাদরের গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। কিন্তু তা থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন বার্সেলোনার মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস।  

৬০তম মিনিটে হেড করে দলকে এগিয়ে দেন বদলি হিসেবে নামা ভিয়া। এরপর নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে মিডফিল্ডার দাভিদ সিলভার পাস থেকে জয় নিশ্চিত করেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্লাব নিউ ইয়র্ক সিটিতে যোগ দেয়া ভিয়া।

বিশ্বকাপ শুরুর মাত্র কদিন আগে এমন জয় পেয়ে দারুণ খুশি কোচ দেল বস্ক।

“বেশ ভালো লাগছে। আমরা খুব বেশি সুযোগ পাইনি, কিন্তু আমরা ভালো খেলেছি এবং ভালোভাবে রক্ষণও সামলেছি।”

১৩ জুন সালভাদরে গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বসেরার মর্যাদা ধরে রাখার অভিযান শুরু করবে স্পেন। ‘বি’ গ্রুপের অন্য দুটি দল চিলি ও অস্ট্রেলিয়া।